২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নানের অস্ত্রভাণ্ডার ও অর্থ যোগানদাতা শাকিলের খোঁজে র‌্যাবের অভিযান

হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)’র বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি মোহাম্মদ আবদুল হান্নানের অস্ত্রভাণ্ডার ও অর্থের যোগানদাতা শাকিলকে খুঁজতে র‌্যাব রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর ভাগ্নে পরিচয়নদানকারী শাকিলের কাছে বিপুল পরিমাণ গ্রেনেড ও অন্যান্য অস্ত্র আছে বলে র‌্যাবের একটি সূত্র জানায়।

এদিকে হুজি নেতা মুফতি আবদুল হান্নান ওরফে কালাম ওরফে জামান (৪৫)কে তেজগাঁও থানার মামলা নং ৫৪ (৮) ০৫-এ গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

এর আগে বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় র‌্যাব।

এদিকে র‌্যাব সূত্র জানায়, রাজধানীর বসুন্ধরা সিটি সুপার মার্কেটে শাকিল এবং হান্নানের ছোট ভাই আনিস যৌথভাবে তৈরি পোশাকের ব্যবসা করতো। ঢাকার মানিকগঞ্জের মসজিদ ফর কাউন্সিল নামে একটি বেসরকারি সংস্থার সাথে পরোক্ষাভাবে জড়িত থেকে শাকিল জঙ্গি তৎপরতায় অর্থ যোগান দিতো বলে একটি সূত্র জানায়।

সূত্র আরও জানায়, বসুন্ধরা সুপার মার্কেটের নিচ তলা এবং চতুর্থ তলায় শাকিল ও আনিসের তৈরি পোশাকের দোকান আছে। এ ব্যবসা থেকেই তারা বিভিন্ন জঙ্গি তৎপরতায় অর্থ যোগান দিতো।

হান্নান গ্রেপ্তারের পর থেকে শাকিল গা ঢাকা দিয়েছে।

যেভাবে হান্নান গ্রেপ্তার হয়:

আইন প্রয়োগকারী সংস্থার কাছে সম্পূর্ণ অচেনা চেহারার হান্নানকে সনাক্ত করতে সাহায্য করেছে তারই ছোট ছেলে নুরুল্লাহ (৪)। এর আগে তার স্ত্রী ও বড় ছেলে বাপ্পী র‌্যাবকে হান্নান চট্টগ্রামে গেছে বলে বিভ্রান্ত করার চেষ্টা করে।

র‌্যাব সূত্র জানায়, শুক্রবার রাতে প্রথম তারা অভিযান চালায় হান্নানের ছোট ভাই মহিবুল্লাহ মফিজের শ্বশুরের মহাখালির সরকারি স্টাফ কোয়ার্টারে। বৃদ্ধ শ্বশুরকে নিয়ে র‌্যাব দলটি টঙ্গী থেকে গ্রেপ্তার করে মহিবুলকে। জিজ্ঞাসাবাদে মহিবুল র‌্যাবকে হান্নানের অবস্থান জানালে তাকে নিয়েই বাড্ডায় অভিযান চালায় র‌্যাব।

‘র‌্যাব দলটি যখন উত্তর বাড্ডার হান্নানের ভাড়া বাসার সামনে, পৌঁছায় তখন তিনতলায় দাঁড়িয়ে হান্নান দাঁত ব্রাশ করছিলো। সে সময় মেজর আতিক তাকে নিচে নামতে বলে। দলটি তখনও ঘুনাক্ষরেও টের পায়নি এ লোকটিই হান্নান’, র‌্যাব সূত্র বলে।

র‌্যাব দলটি হান্নানের বাসায় ঢুকলে তার স্ত্রী জানায়, হান্নান চট্টগ্রামে গেছে। বড় ছেলেও একই কথা বলে।

এসময় ছোট ছেলে নুরুল্লাকে জিজ্ঞেস করা হলে সে জানায়, তার বাবা এই মাত্র নিচে গেছে। হান্নান এ সময় পার্শ্ববর্তী ঝিলে ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

হান্নানের স্ত্রীর ভাষ্য:

এদিকে গ্রেপ্তারকৃত হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন তার স্বামীর পলাতক জীবন বা জঙ্গি তৎপরতা সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করেছে।

বাসায় টেলিভিশন বা সংবাদপত্র না থাকায় হান্নানের পলাতক জীবন সম্পর্কে কিছুই জানতো না বলে জাকিয়া দাবি করে।

পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় হান্নান ১৯৯৫ যশোরে পারিবারিকভাবে বিয়ে করে।

জাকিয়া জানায়, বিয়ের পরও দীর্ঘদিন সে পিতার বাসায় ছিলো। চার বছর আগে তারা ঢাকায় বসবাস শুরু করে।

সে জানায়, এর আগে যে বাসায় তারা ছিলো, তার ভাড়া ছয় হাজার টাকা হওয়ায় বর্তমান বাসায় সাড়ে তিন হাজার টাকা ভাড়ায় চলে আসে। এ বাসা থেকেই শনিবার ভোরে গ্রেপ্তার করা হয় হান্নানকে।

জাকিয়া জানায়, হান্নান বাসায় বেশি থাকতো না। বেশিরভাগ সময় বাইরেই থাকতো।

সে আরও জানায়, গাজীপুরে হান্নানের একটি মুরগীর ফার্ম আছে এবং রামপুরায় একটি ইলেক্ট্রনিক্সের দোকান আছে। কিন্তু দোকানগুলোর ঠিকানা বলতে পারেনি হান্নানের স্ত্রী।