২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত কর আদায়ে ভুগবে মানুষ: জিএম কাদের

আগের তুলনায় আগামী অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪২ হাজার কোটি টাকা বেশি নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অতিরিক্ত কর আদায়ের কারণে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 10:12 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাব করার পর সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সংসদের বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “ডলারের সাথে টাকার বিনিময় হারে টাকার মূল্য কমছে। মুদ্রাস্ফীতির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবন কষ্টকর হয়ে উঠতে পারে। অন্যদিকে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিশ্ববাজার থেকে কিনে ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে বিক্রির জন্য একটি উদ্যোগ থাকা উচিত ছিল।

“পাশাপাশি গত বছরের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত কর আদায়ের বিরূপ প্রভাব সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাবে।”

প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী’ বর্ণনা করে তিনি বলেন, “করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। আর এ কারণেই জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে, এমন বাস্তবতায় বিশাল বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলতে হচ্ছে।”

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার যে ব্যয়ের ফর্দ তৈরি করেছেন, তার স্লোগান ঠিক করেছেন- ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

অর্থমন্ত্রী ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা রাজস্ব খাত থেকে যোগান দেওয়ার পরিকল্পনা সাজিয়েছেন, যা বাস্তবায়ন করা হবে বড় চ্যালেঞ্জ। তারপরও তার আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকবে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সাংবাদিকদের জি এম কাদের বলেন, “বাজেটে আড়াই লাখ কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে, যা জিডিপির ৫ শতাংশের উপরে। আবার ৩৬ শতাংশ অভ্যন্তরীণ ঋণের ওপর ভরসা করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলে ব্যবসায়ীদের বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে।

“ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সংকুচিত হতে পারে। আবার বিদেশি ঋণের পরিমাণ ১৪ দশমিক দুই ভাগ। দিনে দিনে বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধির কারণে শ্রীলঙ্কার মত বিপর্যয় সৃষ্টি হতে পারে।”

এসময় উপস্থিত ছিলেন জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধী দীলয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গা ও শামীম হায়দার পাটোয়ারী।