২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা বলেই কি ডিপোর মালিক গ্রেপ্তার হচ্ছে না, সংসদে প্রশ্ন বিএনপির

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর মালিকদের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ না দেখে সংসদে বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 12:03 AM

Updated : 02 Aug 2022, 01:43 PM

আওয়ামী লীগের নেতা বলেই কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন দলটির সংসদ সদস্য রুমিন ফারহানা।

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর আমদানি-রপ্তানির পণ্যবোঝাই কন্টেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে।

সেখানে চারটি কন্টেইনারে রাসায়নিক ছিল বলে শনাক্ত করেছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল। ডিপোটি রাসায়নিক রাখার কোনো অনুমতি নেয়নি বলে আগেই জানিয়েছিল বিস্ফোরক অধিদপ্তর।

চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে ২৪ একর জায়গায় গড়ে তোলা বিএম কন্টেইনার ডিপো নেদারল্যান্ডস ও বাংলাদেশের যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান।

এর বাংলাদেশ অংশে মালিকানায় রয়েছে স্মার্ট গ্রুপ। এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাঁশখালী উপজেলার বাসিন্দা মুজিবুর রহমান, যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তিনি ওই ডিপোর পরিচালকও। তার বড় ভাই মুস্তাফিজুর রহমান বর্তমানে ডিপোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় এই প্রসঙ্গ তুলে রুমিন বলেন, “ডিপোতে অনুমোদন না নিয়ে কেমিকেল রেখেছেন, এমনকি যখন সেখানে অগ্নিনির্বাপনের জন্য যারা গেছেন, তাদেরকে কেমিক্যালের বিষয়ে কোনো রকম অবহিত তিনি করেন নাই। এই খুঁটির জোর তিনি কোথা থেকে পেলেন?

“এই খুঁটির জোর তিনি পেলেন এই কারণেই যে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ক্ষমতাসীন দলের এমন একটি পদে থেকে কোনো নিয়ম-কানুন মানার প্রয়োজনীয়তা সম্ভবত তিনি বোধ করেন নাই।”

ডিপোতে রাসায়নিক রাখা নিয়ে প্রশ্ন; অনুমতি নেই, বলছেন বিস্ফোরক পরিদর্শক

রুমিন বলেন, “বিস্ফোরক পরিদপ্তর বলেছে, ওই ডিপোতে দাহ্য পদার্থ রাখার বিষয়টি তাদের জানানো হয়নি। ফায়ার সার্ভিসও বলেছে, ডিপোর মালিকপক্ষের কেউ সেখানে কেমিক্যাল রাখার বিষয়টি জানায়নি। সেটা তাদের জানা থাকলে অগ্নিনির্বাপনের ভিন্ন ব্যবস্থা হত। ফায়ার কর্মীদের মুত্যুর ঘটনা হয়ত এত হত না।

“সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা ‍দুর্ঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। এতগুলো জীবন ঝরে গেছে কন্টেইনার ডিপোর মালিকের চরম উদাসীনতায়।”

এই অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছে, যার মধ্যে নয়জন ফায়ার সার্ভিসের কর্মী। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি।

অগ্নিকাণ্ড তদন্ত করতে ছয়টি কমিটি গঠন করা হয়েছে। তার প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রুমিন বলেন, “আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১২ সালে মারা যায় ১১১ জন পোশাক কর্মী। সেই ঘটনার মূল আসামি তাজরীনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। এই মামলার ১০ বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বরং এই দেলোয়ার হোসেনকে সম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে।

“দুই দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও বিএম কন্টেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ আইন ভঙ্গ করে তিনি ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দাহ্য পদার্থ বিশেষ কোনো অবকাঠামো ছাড়াই স্টোর করেছিলেন।”