২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের আগে ‘বাক-সংযমী’ হওয়ার পরামর্শ কাদেরের

বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ‘সম্মানের সঙ্গে’ উচ্চারণ করে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2022, 04:21 PM

Updated : 14 Jul 2022, 06:15 PM

বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারা (বিএনপি নেতারা) বলছেন, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারাই বাক-সংযমী হোন।

“আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি; অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা ‘রাস্তার ভাষায়’ কথা বলে।”

বিএনপি দিন-রাত সরকারের ‘অন্ধ সমালোচনা, বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার’ করে চলেছে বলে মন্তব্য করেন কাদের।

তিনি বলেন, “বিএনপি নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না। তারা শ্লোগান দেয়- ’৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!

“প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, এটা কি কখনও মেনে নেওয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে?”

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।”

সেতুমন্ত্রী বলেন, “জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুর্যই বেশি প্রিয় হবে, এটাই স্বাভাবিক।”

বিএনপি ‘বৃহত্তর ঐক্যের নামে বৃহত্তর তামাশা’ সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, “নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বিএনপি। তারা জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।

“বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।”