শাহজাহানপুরে নিহত প্রীতির বাড়িতে তথ্যমন্ত্রী
ঢাকার শাহজাহানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সমবেদনা জানালেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াকে সঙ্গে নিয়ে শাহজাহানপুরের শান্তিবাগে প্রীতির বাসায় যান তিনি।
প্রীতির বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা ও এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সোহায়েব সামির সঙ্গে একান্তে কথা বলেন তারা। সামিকে বুকে জড়িয়েও ধরেন তথ্যমন্ত্রী।
প্রীতির বাসা থেকে বের হয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি, যে কোনো প্রয়োজনে আমাদের দল, আমাদের সরকার তাদের পাশে থাকবে।”
গত ২৪ মার্চ শাহজাহানপুরে সড়কে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়। তখন খুনির ছোড়া গুলিতে রিকশারোহী প্রীতিও মারা যান।
তথ্যমন্ত্রী বলেন, “ইতোমধ্যেই মূল আসামি গ্রেপ্তার হয়েছে। একই ঘটনায় আমাদের দলের একজন নেতা মৃত্যুবরণ করেছেন। নিহত ছাত্রী সামিয়ার পরিবার মামলা না করলেও জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী মামলা করেছেন। সেই মামলার এজাহারে প্রীতির হত্যাকাণ্ডের কথা উল্লেখ আছে। আইনানুযায়ী একই ঘটনায় দুটি মামলার প্রয়োজন নেই।
“মূল আসামি গ্রেপ্তার হয়েছে, যারা তার সাথে ছিল তারাও পুলিশের জালের মধ্যে আছে। আমরা আশা করি তারাও খুব সহসা গ্রেপ্তার হবে। যথোপযুক্ত বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।”
হাছান মাহমুদ বলেন, “প্রীতির ছোট ভাই এসএসসি পরীক্ষা দেবে, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা এখান থেকে গিয়ে প্রধানমন্ত্রী ও আমাদের দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে বিস্তারিত জানাব।”
সরকারের কাছে প্রীতির পরিবার কোনো সাহায্যের আবেদন করেছে কি না- এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “তারা সরকারের কাছে এখনও আবেদন করেনি। আমরা এ বিষয়টি দেখার জন্য আমাদের কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি এবং সরকারের পক্ষ থেকে যথাসম্ভব করা হবে।”
