২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা উন্নয়ন দেখে না, তারা চোখ থাকতেও অন্ধ: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন যারা দেখে না, তারা ‘চোখ থাকতেও অন্ধ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 05:47 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

বুধবার শাহবাগের গণগন্থাগারে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘বঙ্গবন্ধু উৎসবে’ তিনি এ কথা বলেন।

কাদের বলেন, “পদ্মাসেতু উদ্বোধনের আর বেশি সময় নেই। জুন মাসেই স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করা হবে। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় একমাত্র টানেল (কর্ণফুলী টানেল) নদীর তলদেশে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে হতে যাচ্ছে, এ বছরই তা উদ্বোধন হবে। নতুন প্রজন্মের স্বপ্নের মেট্রোরেলও এ বছর উদ্বোধন করা হবে।

“বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের এই উন্নয়ন যারা দেখে না, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে।”

বঙ্গবন্ধুকে হত্যা করে যারা তার নাম চিরতরে মুছে দিতে চেয়েছিল তারাই ইতিহাস থেকে চিরতরে মুছে গেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। যতদিন এই বাংলা থাকবে, যতদিন পদ্মা মেঘনা থাকবে, যতদিন চন্দ্র-সূর্য উঠবে, ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে।

“বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। ইতিহাসের মহাফলকে এক অবিস্মরণীয় মহামানবের নাম বঙ্গবন্ধু। তার নাম কেউ মুছে ফেলতে পারবে না।”

সেতুমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই, তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। তার কন্যা শেখ হাসিনা দেশের নেতৃত্ব দিচ্ছেন। ভিশন ২০২১ ও ২০৪১ স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন করে চলেছেন অবিরাম গতিতে।

“তাই তো বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ। এ ছাড়া বাংলাদেশের নতুন প্রজন্মের স্বপ্নের পদ্মাসেতু নিজস্ব টাকায় নির্মাণ করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। বঙ্গবন্ধুর বাংলাদেশও পারে।”

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, গণগন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, হাসুমণি’র পাঠশালার সভাপতি আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অব টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম বক্তব্য দেন।