২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃত ইতিহাস তুলে ধরাতেই বিএনপির গাত্রদাহ: কাদের

প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার কারণেই বিএনপির ‘গাত্রদাহ’ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 05:55 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এদেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি, তারাই ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে।”

স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই ‘ইতিহাস বিকৃত’ করেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “তার এ অভিযোগ চরম অসত্য, ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। 

“আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতি করে না বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহের কারণ হয়।” 

ওবায়দুল কাদের বলেন, “যার নেতৃত্বে বাঙালি জাতির হাজার বছরের আরাধ্য যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আসে, সেই বঙ্গবন্ধু বিএনপির শাসনামলে হয়ে যায় এক নিষিদ্ধ নাম। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগানকে বিএনপি নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় ঐতিহাসিক সতই মার্চের ভাষণ প্রচার।

“গণমাধ্যম থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত- সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হয়। ইতিহাস বিকৃতির ঘৃণ্য চর্চা বিএনপি আবারও শুরু করেছে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন বেগম জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডপ্রাপ্ত, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মত ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয়।

“ইতিহাস চলে তার নিজস্ব গতিতে- এ চির সত্য বিএনপি নেতারা হয়ত জানে না। হাতের তালু দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনই স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল। বর্তমান প্রজন্ম প্রকৃত ইতিহাস আজ জানতে পারছে- যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিল, আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে।”

‘স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার মূল্যবোধ বিনষ্টের’ অপচেষ্টা করলে বিএনপির বিরুদ্ধে জনগণ ঠিকই গর্জে উঠবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের সময় ‘শেষ হয়ে এসেছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসেনি, সময় শেষ হয়ে এসেছে বিএনপির অপরাজনীতির। জনগণের আস্থায় এখন আর বিএনপি নেই, জনগণ এখন আর বিশ্বাস করে না হাঁটুভাঙা, পরাশ্রয়ী বিএনপি এ দেশের জন্য ভালো কিছু করতে পারবে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে জনগণের ‘প্রত্যাখ্যান’ এবং তাদের আন্দোলনের ডাকে ‘সাড়া না দেওয়ায়’ বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, “পরাধীনতার শৃঙ্খল মুক্তির অর্ধশতক পর যারা বলেন- স্বাধীনতার ৫০ বছরে কী পেলাম, প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করে না, চেতনায় ধারণ করে না- সে প্রশ্নই এখন চলে আসে।

“যারা এদেশে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যখন বলেন- স্বাধীনতার ৫০ বছরে কী পেলাম, তখন আসলে এটাই প্রতীয়মান হয় তারা এদেশের মানুষের কল্যাণে কিছুই করেনি, তাই তারা দেশের কোনো ভালো অর্জন দেখতে পায় না।”