২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে গণতন্ত্রের ‘মুক্তির শপথ’ বিএনপির

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে দেশের ‘গণতন্ত্রকে মুক্ত করার’ প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 11:09 AM

Updated : 02 Aug 2022, 03:12 PM

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাভারের স্মৃতিসৌধে সাংবাদিকদের বলেন, “আজকে পঞ্চাশ বছর পরে আমরা যেমন শহীদদের শ্রদ্ধা জানিয়েছি, সেই সঙ্গে আমরা শপথ নিয়েছি, পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম। আবার আমরা গণতন্ত্রকে মুক্ত করব।”

দেশের ‘গণতন্ত্র নির্বাসিত’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “খালেদা জিয়াকে মুক্ত করব। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।”

বিএনপি মহাসচিব বলেন, “যে লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে একাত্তরে আমরা যুদ্ধ করেছিলাম, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ হয়ে গেছে।

“আজকে পঞ্চাশ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যাচ্ছে।”

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার ‘মুক্তির’ দাবিতে স্লোগান দেন।

ফখরুল বলেন, “খালেদা জিয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়ে আছেন। তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন।

“৩৫ লাখ গণতন্ত্রকামী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ৬ শতাধিক মানুষ, নেতাকর্মী গুম হয়েছেন। সহস্রাধিক নিহত হয়েছেন। এই একটা ভয়াবহ দুর্বিষহ স্বৈরাচারের কবলে আছে দেশ।”

দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ জনগণের সরকার প্রতিষ্ঠার বাসনার কথা জানান বিএনপির মহাসচিব। এ সময় ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন তিনি।

“দেশের মানুষকে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচনের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

“জনগণের রাষ্ট্র আমরা তৈরি করব। সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।”

জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতি সৌধের পর সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন ফখরুলসহ বিএনপি নেতারা।

বিএনপি মহাসচিব সেখানে সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সামগ্রিক অর্থে গোটা দেশ একটা নরকে পরিণত হয়েছে।

“এখান থেকে বেরিয়ে আসতে হলে আবার আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা এটাই আমাদের লক্ষ্য। আজকের এই মহান দিনে আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করার মধ্য দিয়ে, লাখো শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে আমরা সেই শপথই গ্রহণ করছি যে, আমরা জনগণের ঐক্য গড়ে তুলে এই দেশে অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”

এ সময়ের দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম,আবুল খায়ের ভুঁইয়া, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতও করেন বিএনপি নেতা-কর্মীরা।