২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টির নেতৃত্বেই জোট হবে: জি এম কাদের

কারও ‘জোটে নেই’ দাবি করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ‘নেতৃত্বেই’ জোট গঠন হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 06:44 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

সোমবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের দপ্তরে এক সভায় জাপা চেয়ারম্যান বলেন, “জাতীয় পার্টি কোনো দলের বি-টিম নয়। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না। জাতীয় পার্টি কারও জোটে নেই।

“আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বেই জোট গঠন হবে। কেউ জাতীয় পার্টির ভেতরে থেকে অন্য দলের দালালি করতে চাইলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না।”

২০০৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিসহ আরও কয়েকটি দল মিলে ১৪ দলীয় জোট হয়ে উঠলে তাকে ‘মহাজোট’ বলেছিল আওয়ামী লীগ।

কিন্তু জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সংসদে অবস্থান নেওয়ায় সেই মহাজোটও এখন নেই। অবশ্য দশম সংসদে বিরোধী দলে থাকলেও দলের কয়েকজন সরকারের মন্ত্রী ছিলেন।

সভায় আওয়ামী লীগ সরকারের ‘দুঃশাসনে’ দেশের মানুষ ভাল নেই দাবি করে জি এম কাদের বলেন, “দেশের মানুষ যেন নরকের আগুনে জ্বলছে। দুর্নীতি, দুঃশাসন, বৈষম্য আর লুটপাটের কারণে দেশের মানুষ নরকের আগুনে পুড়ছে।

“মাঝে মাঝে ক্রিকেট ও ফুটবলে বিজয়ের দু’একটা সুখবরে যেনো ঠাণ্ডা বাতাসে বয়ে যায়। যারা বোকার স্বর্গে বাস করেন, তারা হয়তো মনে করেন আমরা খুবই ভালো আছি। আসলে দেশের ৯৯ ভাগ মানুষই ভালো নেই।”

সংসদীয় সরকার ব্যবস্থার নামে এক ব্যক্তির হাতে ‘সব ক্ষমতা’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।

“জবাবদিহিতা নেই কোথাও। দেশে আইনের শাসনে ঘাটতি আছে, সুশাসন নেই। যারা সরকারি দল করে, তাদের জন্য এক ধরনের আইন, যারা বিরোধী দল করে, তাদের জন্য ভিন্ন আইন। আর সাধারণ মানুষের জন্য আইন যেন আরও আলাদা।

“আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে। প্রশাসন দিয়ে দেশ চালানোর কারণে দেশের মানুষ সেবার পরিবর্তে শাসনের মুখে। আমাদের দেশের মানুষের সঙ্গে বৈষম্য করে ক্ষমতাসীনরা।”

ক্ষমতাসীনরা দেশ থেকে অর্থপাচার করছে অভিযোগ করে তিনি বলেন, “এখন আমাদের দেশের হাজার কোটি টাকা পাচার হচ্ছে বিভিন্ন দেশে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই।”

গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির এই পরিচিতি সভায় দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে চাল, ডালসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে বলে দাবি করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, “দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। যে সরকার টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে না, তাদের মুখে উন্নয়নের কথা শোভা পায় না। মানুষ টাকা দিয়ে টিকেট কিনে বাসে চড়তে পারে না।”

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।