২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগে ‘বিচার হবে’: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে ‘ধ্বংস করে ফেলেছে’ দাবি করে তাদের একদিন ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগে ‘বিচার হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 06:32 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের বার্ষিক কাউন্সিলে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “তারা (সরকার) এদেশটাকে ধবংস করে ফেলেছে, রাষ্ট্রকে ধবংস করে ফেলেছে। সেজন্য আমি মনে করি, তাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার হবে।

“এই দেশের মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, আজকে নয় ১৯৭১ সালের পর থেকে তারা বিশ্বাসঘাতকতা করে আসছে। সেকারণে তাদের একদিন বিচার হবে।”

তিনি বলেন, “আজকে প্রত্যেকটি জেলা বলেন, এমন কোনো জেলা নেই সেখানে সরকারের মন্ত্রীরা, প্রভাবশালীরা, আওয়ামী লীগের নেতারা তারা সংবাদ কর্মীদের নির্যাতন করে, দুর্নীতির খবর যাতে না ছাপে সেজন্য হুমকি দেয়।

“এমন এক অবস্থা তৈরি হয়েছে। যে আওয়ামী লীগ নেতা স্যান্ডেল পরতে পারতো না, তার পাঁচটা বাড়ি.. নতুন গাড়ি..। আসলে আওয়ামী লীগ এই দেশে আর কোনো কিছু বাকি রাখে নাই।”

এর আগে বর্তমান সরকারের করা বিভিন্ন আইনের প্রসঙ্গ তুলে সেসব আইন গণমাধ্যমকে ‘নিয়ন্ত্রণ করার জন্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।  

“প্রত্যেকটি আইন বিশেষ করে সংবাদ মাধ্যমের জন্যে যে নীতিমালা বললে তারা-মিডিয়া নীতিমালা। এই প্রত্যেকটি আইন, প্রত্যেকটি নীতিমালা করা হচ্ছে সংবাদ বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য।”

বিভিন্ন গণমাধ্যমের মালিকরা ‘ব্যবসায়ী’ হওয়াকে সমস্যা হিসেবে চিহ্নিত করে তাদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের ‘অনুগত’ বলে অভিযোগ করেন তিনি।

“দেশে মিডিয়া হাউজগুলোর মালিকরা হচ্ছেন ব্যবসায়ীরা এবং সেই ব্যবসায়ীদের বেশিরভাগই হচ্ছে যে, আওয়ামী লীগ সরকারের উচ্ছিষ্টভোগী পদলেহীগণ। এটা ছাড়া তারা টিকতে পারে না।”

আওয়ামী লীগ সরকারের কারণে সমাজের সব ক্ষেত্রে ‘বিভাজন’ সৃষ্টি হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “আমাদের সমাজে একটা স্থায়ী ক্ষত সৃষ্টি হয়েছে। সেই ক্ষতটা হচ্ছে বিভাজন।

“আজকে দেখুন আপনারা এই সাংবাদিক ইউনিয়ন দুই ভাগ, আপনাদের সংবাদ কর্মীরা দুই ভাগ। অর্থাৎ একটা জায়গাও নাই যে ভাগ ছাড়া নাই। চিকিৎসকরা দুই ভাগ.. এই প্রতিষ্ঠানগুলো আলাদা হয়ে গেছে।”

তিনি বলেন, “যারা ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী তারা সরকারকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সবসময় বিভাজন সৃষ্টি করেছে। অর্থাৎ ক্ষমতায় থাকতে হলে ভাগ করে ফেল…।

“আওয়ামী লীগ এই এক যুগে এ দেশের যে অন্তঃসার, যেটা শূণ্য করে দিয়েছে, ফোকলা করে দিয়েছে। আমি যেকথা বলি বাংলাদেশের একটা নিজস্ব আত্মা আছে –সোল। সেই সোলটাকে তারা ধবংস করে দিয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আপনি দেখবেন আমাদের সাধারণ মানুষেররা… গ্রামে যখন থাকে তখন একটা চায়ের ঘুপরি ঘরের সামনে একটা বেঞ্চ থাকে, সেখানে বসে তারা এক কাপ চা খেয়ে রাজনীতির কথা বলেন।

“সেখানে তারা বিভিন্ন ভালো-মন্দের কথা বলেন। এখন সেই ঘুপরি ঘরে দুইটা বেঞ্চে থাকবে- একটা আওয়ামী লীগের আরেকটা বিএনপির। এটাই বাস্তবতা।”

এমনঅবস্থায় সকলকে ‘ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার কাজ অত্যন্ত কষ্টসাধ্য’ বলে মন্তব্য করেন তিনি।

সরকার হটানোর আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, “এদেরকে সরাতে হবে। এদেরকে না সরিয়ে এখানে কোনো কিছু করা যাবে না। এদেরকে সরাতে হলে সে জিনিসটা দরকার হবে তা হচ্ছে আমাদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে।

“আমি অনুরোধ করব সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে শুধু আপনাদের মধ্যে একটা ঐক্য তৈরি করেন-এটা প্রয়োজন এবং অন্যান্য পেশাজীবীদের সাথেও ঐক্য তৈরি করেন।”

দলের চেষ্টার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমরা জাতীয়ভাবে চেষ্টা করছি, জনগণের মধ্যে ঐক্য তৈরি করতে, সমস্ত রাজনৈতিক শক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা ঐক্য তৈরি করতে।

“আমি একথা বলি না যে, ইউনাইটেড জোট হবে, ইউনাইটেড প্ল্যাটফর্ম ..। কিন্তু আমরা যেন একই সাথে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং তাদেরকে যেন পরাজিত করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি।”

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এবং রাশিদুল ইসলাম ও শফিউল আলম দোলনের সঞ্চালনায় বার্ষিক সম্মেলনে বিএনপির আবদুস সালাম, ইঞ্জিনিায়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদ, এমএ আজিজ, কামাল উদ্দিন সবুজ, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, ইলিয়াস হোসেন ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বক্তব্য রাখেন।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই বার্ষিক কাউন্সিল হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর কাউন্সিল অধিবেশন হয়। সারা দেশ থেকে দুই শতাধিক কাউন্সিলর এতে অংশ নেন।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম, রাজশাহীর সরদার আবদুর রহমান, খুলনার আনিসুজ্জামান, যশোরের এম আইয়ুব,ময়মনসিংহের এম আইয়ুব আলী, গাজীপুরের এইচএম দেলোয়ার হোসেন, বগুড়ার মির্জা সেলিম রেজা, কুমিল্লার রমিজ খান, দিনাজপুরের মাহফিজুল ইসলাম রিপন, কুষ্টিয়ার আবদুর রাজ্জাক বাচ্চু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।