রকিবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর শুক্রবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
মিডওয়ে সিকিউরিটিজের চেয়ারম্যান রকিবুর ছয় মাসের বেশি সময় ব্যাংককে চিকিৎসা নিয়ে গত সোমবার ঢাকায় ফিরে আসেন।
তিনবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি প্রায় ১৮ বছর তিনি ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
