২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয় বেড়েছে কার, প্রশ্ন মির্জা ফখরুলের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি ‘আড়াল করতেই সরকার জিডিপিতে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 05:00 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

তিনি বলেছেন, “কী ভয়াবহ কাণ্ড এদেশে, দ্রব্যমূল্যের প্রভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সরকার সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং মন্ত্রীরা হেসে হেসে বলে, ‘দাম যেমন বেড়েছে, আয়ও তো বেড়েছে।”

“কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেখায়। জিডিপি কাকে বলে? সব কিছু মিলিয়ে যেটা আসে, সেটাকে বলে জিডিপি অর্থাৎ উৎপাদন… । তারপর বলে যে পার ক্যাপিটা ইনকাম এত হয়েছে,” বলেন অর্থনীতির এক সময়ের শিক্ষক ফখরুল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনায় সভায় কথা বলছিলেন ফখরুল।

অর্থনীতির সাবেক শিক্ষক মির্জা ফখরুল বলেন, “আমি আয় করি মাসে ৫০ হাজার টাকা, আর আমার যে ভাই আয় করে মাসে ৫ হাজার টাকা- এই দুটো কী এক? এই দুইটা মিলে যদি দুই ভাগ করেন তাহলে পার ক্যাপিটা ইনকাম কিন্তু ওর আসবে ২৫ হাজার, আমার আসবে ২৫ হাজার। বাস্তবে তার আয় তো ২৫ হাজার নয়।

“এদেশের ৯০ ভাগ মানুষের আয় কম, আয় কম হচ্ছে। দেশে দারিদ্র্য আরো ২ শতাংশ (পয়েন্ট) বেড়েছে। এই যে বিষয়গুলো… আজকে অবলীলায় মানুষকে প্রতারণা করে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে।”

নতুন নির্বাচন কমিশন নিয়ে হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, “আপনারা জানেন যে, তারা গণতন্ত্র সম্পর্কে কী করছে? নির্বাচন সম্পর্কে কী করেছে? নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটা সেই ধরনের নির্বাচন করা যায়।

“এবার মানুষ সেটা শুনবে না, এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি।”

মওদুদ আহমদকে নিয়ে স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় স্বৈরতান্ত্রিক সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে কথাটা আমাদের মওদুদ আহমদ সব সময় বলতেন।”

মওদুদের স্ত্রী হাসনা মওদুদ বলেন, “আজকে আমাদের সব বড় দুঃখ হল আমরা বেগম জিয়াকে মুক্ত করতে পারি নাই। মওদুদ আহমদ বলে গেছেন, তিনি মুক্ত বেগম জিয়াকে দেখতে চান...।

“আমি নোয়াখালী-৫ আসনের এলাকার গরীব মা-ভাই-বোনের পাশে দাঁড়াতে চাই- সেটাও কিন্তু আমার মওদুদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার জন্য।”

মওদুদের দুটি অপ্রকাশিত বই ‘চলমান ইতিহাসের দ্বিতীয় পর্ব’ এবং ‘ডিমাইজ অফ ডেমোক্রেসি’ প্রকাশের উদ্যোগ নেবেন বলে জানান তার সহধর্মিনী।

গত বছর ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান মওদুদ আহমদ, তার বয়স হয়েছিল ৮১ বছর।

জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনাসভায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরীসহ স্বাধীনতা ফোরামের নেতারা বক্তব্য রাখেন।

আলোচনা সভার পর মওদুদ আহমদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।