দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ২৮ মার্চ আলাদা হরতালের ডাক জাফরুল্লাহর
নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম জোটের পর একই দিনে আগামী ২৮ মার্চ আধা-বেলা হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার বিকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর এটিএম হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, “সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের কথা সরকারের কানে প্রবেশের জন্য আগামী ২৮ মার্চ সকল রাজনৈতিক দলের, সকল মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা।
“আমি শ্রমজীবী মানুষের প্রতি অনুরোধ রাখব, ২৮ তারিখ আপনারা কেউ বাসার বাইরে বের হবেন না। বের হলে হরতালের কর্মসূচিতে যোগ দেবার জন্য বের হবেন। সবাই মিলে দলমত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ তারিখের হরতাল সফল করেন।”
এর আগে সকালে সংবাদ সম্মেলন করে দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে একই দিন সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সারাদেশে হরতাল আহবান করে বাম গণতান্ত্রিক জোট।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ বলেন, “আমি সরকারের নিরাপত্তা বাহিনীকে বলব, অতীতের মতো হরতালের সময় নিজেরা গাড়ি ভেঙে আমাদের ওপর চাপাবেন না।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই হরতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
