২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জটিলতা নেই মুহিতের, দুর্বল হওয়ায় হাসপাতালে: মোমেন

বড় ধরনের কোনো শারীরিক জটিলতা নেই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের; তবে খেতে না পেরে দুর্বল হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 06:29 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নে মুহিতের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, “সাবেক অর্থমন্ত্রী এমনিতে খুব ভালো। উনার কোনো মেজর অসুখ নাই। আগে যে সমস্ত অসুখ উনার ছিল, সেগুলো কোনোটাই নাই। ডায়াবেটিস বলেন, প্রেসার বলেন… এগুলো কিছুই নাই।

”তবে উনি অত্যন্ত দুর্বল। কারণ উনার খাওয়ার কোনো অ্যাপিটাইট নাই। অনেক দিন ধরে খাওয়াদাওয়া করেন না, তার ফলে উনার ওজন ড্রাসটিক্যালি রিডিউসড করেছে।”

মোমেন বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি পারিবারিকভাবে, উনাকে খাওয়াতে হবে। খাওয়ালে পরে… কারণ উনার ব্রেইন খুব ভালোই আছে।

”শুধু অসম্ভব দুর্বল। সেজন্য আমরা হাসপাতালে নিয়েছি। সেখানে উনাকে বিভিন্নভাবে খাবার দেওয়া হবে… তাছাড়া উনি ভালোই আছেন।”

অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মুহিতকে শনিবার সকালে রাজধানী ঢাকার গ্রিন রোডের গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

এরআগে ২০২১ সালের ২৯ জুলাই মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে ২১ অগাস্ট বাসায় ফেরেন।

এরপর থেকে সিলেটের সাবেক সংসদ সদস্য ৮৭ বছর বয়সী মুহিত শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন বলে জানিয়েছিলেন তার ভাই মুয়িয সুজন।

মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।

এরপর সিলেটে তার আসনে নির্বাচনে জয়ী হন তার ভাই মোমেন, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।