২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজপথ ‘ছাড়বে না’ জাতীয় পার্টি: চুন্নু

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ না করলে জাতীয় পার্টি আর রাজপথ ‘ছাড়বে না’ বলে হুঁশিয়ার করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 06:31 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বৃহস্পতিবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে দলের মানববন্ধনে তিনি এমন হুমকি দেন।

চুন্নু বলেন, “যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না হয়, যদি দেশের দুর্নীতি বন্ধ করা না হয়, যদি দেশের টাকা পাচার বন্ধ না হয়, টেন্ডারবাজি, দলবাজি আর চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে জাতীয় পার্টি আর রাজপথ ছাড়বে না।”

এসব নিয়ে অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “যারা সরকারি দল করে তারাই শুধু ভালো আছে। দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি আর দলবাজি করে একটি শ্রেণি ধনী থেকে আরও ধনী হচ্ছে।

“আর দেশের বেশিরভাগ মানুষ দিনদিন আরও গরীব হচ্ছে। মানুষের আয় নেই কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ।”

দেশ এখন কঠিন সময় পার করছে দাবি করে তিনি বলেন, “দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। বিশেষ করে করোনাকালে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের সবার কর্মসংস্থান হয়নি।

“সব মিলিয়ে দেশে বেকারের সংখ্যা অন্তত পাঁচ কোটি। এমন বাস্তবতায় যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তাতে মনে হয় দেশের মানুষের প্রতি সরকারের দরদ নেই। সরকার মানুষের কষ্ট বোঝে না, মানুষের মনের ভাষা বোঝে না।”

একসময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রী বলেন, “সাধারণ মানুষ প্রতিদিনের বাজার করতে পারছে না, প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছে না। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না।

“শুধু অর্থের অভাবে অনেক সন্তান তার পিতা-মাতার খোঁজ নিতে পারে না। যেখানে দুমুঠো ভাত তুলে দিতে মানুষকে যুদ্ধ করতে হয়, সেখানে সন্তানের বায়না মেটানো যেন স্বপ্নের মত।”

জাতীয় পার্টির মহাসচিব চুন্নু অভিযোগ করেন, আওয়ামীলীগ এবং বিএনপি বারবার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বাজার ব্যবস্থা ভেঙে দিয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “গেল তিন বছরের মূল্যবৃদ্ধি পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৯ সালের জানুয়ারিতে যে সয়াবিনের দাম প্রতি লিটার ছিল ১০৪ টাকা তার বর্তমান মূল্য ১৮০ টাকা।

“এভাবে চার বছরে প্রতি কেজি চিনি ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, মোটা চাল ৪০ থেকে বেড়ে ৫০ টাকা, আটা ২৮ থেকে বেড়ে ৩৮ টাকা, মসুরডাল ৫৫ থেকে বেড়ে ১০৫ টাকায় দাঁড়িয়েছে।”

তিনি দাবি করেন, রান্নার জন্য এলপি গ্যাসের বর্তমান মূল্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের দাম ৬৬ থেকে ৭৯ শতাংশ বাড়াতে প্রস্তাব করা হয়েছে।

এছাড়া পানির দাম ২০ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এতে করে সকল ধরনের পন্য ও সেবার আরেক দফা মূল্য বৃদ্ধি হবে। এভাবে নিত্য পণ্যের দাম বাড়লে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।”

“এমন প্রস্তাবনা বাস্তবায়ন হলে হাহাকার উঠবে দেশের ৯০ ভাগ ঘরে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি আর পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত। এদেশের মানুষ এমন গণবিরোধী সিদ্ধান্ত মেনে নেবে না।”

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, “দেশের মানুষ ভালো নেই। রাজধানীর অলিগলিতে টিসিবির গাড়ির পেছনে লাইন দেখলেই বোঝা যায় কতটা দুঃসহ জীবন যাপন করছে মানুষ।”

মানববন্ধনে জাপার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়। এসময় তারা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।

বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির আহবায়ক সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এসএম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন ও শফিকুল ইসলাম সেন্টু।

মানববন্ধনে মহানগর উত্তর ও দক্ষিণ, জাতীয় যুব সংহতি, মহিলা পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, কৃষক পার্টি, ওলামা পার্টি, সাংস্কৃতিক পার্টি, শ্রমিক পার্টি, মৎস্যজীবী পার্টি, মটর শ্রমিক পার্টি, আইনজীবী ফেডারেশন, ছাত্র সমাজ, তাঁতী পার্টি, পেশাজীবী সমাজ, টেকনোলজিস্ট পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।