সিইসির কথার ‘গ্যারান্টি নেই’: রিজভী
নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেও তার কথায় ভরসা রাখতে পারছে না বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বলেছেন, নতুন সিইসির কথার ‘কোনো গ্যারান্টি নেই।”
সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে অনিয়ম আর কেউ কিছু করতে পারবে না- সিইসি কাজী হাবিবুল আউয়ালের এরকম বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।
জবাবে রিজভী বলেন, “আপনার আগের কমিশনও তাই বলেছেন। তারপরে উনি (কে এম নূরুল হুদা) কী নির্লজ্জভাবে সরকারের প্রতিটি কর্মসূচি, প্রতিটি এজেন্ডা বাস্তবায়ন করেছে, নির্লজ্জভাবে দিনের ভোট কেড়ে নিয়ে রাত্রে নিয়ে গেছেন, একচেটিয়া, একতরফাভাবে সেই নির্বাচন করেছেন।
“তার (কাজী হাবিবুল আউয়াল) কথার কোনো গ্যারান্টি নেই। অতীতে তার যে কর্মকাণ্ড, তিনি তো এই সরকার দ্বারা পুরস্কৃত হয়েছেন।”
জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সকালে শেরে বাংলানগর দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন রিজভী। জাসাসের আহ্বায়ক হেলাল খানসহ কেন্দ্রীয় নেতারাও সে সময় উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, “যে কথা গতকালকেও আমি বলেছি যে, মধুর তোমার শেষ যে না পাই … রবীন্দ্র সংগীত। এত মধুর হাঁড়ি সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন, তাকে দিয়ে এত কাজ করিয়েছেন যে, জনগণ বিশ্বাস করে না তিনি (কাজী হাবিবুল আউয়াল) একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন। কারণ তার মাথার উপর তো শেখ হাসিনা আছেন।”
সোমবার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়ার পাশাপাশি বিএনপিকেও মাঠে থাকার আহ্বান জানান।
বিএনপি ভোটে না যাওযার যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সিইসি বলেন, “বিএনপি যদি এমন ঘোষণা দিয়েও থাকে, আমরা কি তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানাব না? কোনো কথাই শেষ কথাই নয়।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজভী বলেন, “এরকম কথা তো এর আগের প্রধান নির্বাচন কমিশনারও (কেএম নুরুল হুদা) বলেছিলেন। সেই আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশ নিয়েছে। বিএনপি নেতারা সে সময়ে ইভিএম বিষয়ে আপত্তি জানিয়ে বলেছিলেন, ইভিএমের ব্যাপারে জনগণ এবং রাজনৈতিক দলের সন্দেহ আছে। একমাত্র ক্ষমতাসীন দল ছাড়া সব দলই এটার (ইভিএম) বিরুদ্ধে।
“ওই সময়ে সাবেক সিইসি বলেছেন যে, অধিকাংশ দল না চাইলে আমরা করব না। কিন্তু প্রধানমন্ত্রীর কথায় তিনি ইভিএমে ভোট করেছেন এবং দিনের ভোট রাতে করেছেন।”
নতুন নির্বাচন কমিশন নিয়ে দলীয়করণের অভিযোগ তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “আপনারা দেখেছেন, জনগণের দাবি, যারা নির্বাচন নিয়ে গবেষণা করেন, কথা বলেন-তাদের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের ইসি করেছে। আওয়ামী চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিতদের দিয়ে নির্বাচন কমিশন তারা (সরকার) করেছেন।”
সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের নামে ‘প্রহসন’ হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, “তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন- এ ধরনের দৃষ্টান্ত তাদের অতীতের কর্ম থেকে আমরা পাই নাই।”
তার ভাষায়, “নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে গোটা দেশের জনগণ সোচ্চার, এই দাবিতে আন্দোলনে সারাদেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও স্বচ্ছ হবে বলে সকলে বিশ্বাস করে; দেশের মানুষ বিশ্বাস করে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে।”
