২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ-মাথাপিছু আয়ের ‘মিথ্যা তথ্য’ দিচ্ছে সরকার: ফখরুল

দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং মাথাপিছু আয় নিয়ে সরকার ‘মিথ্যা তথ্য’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 12:04 AM

Updated : 28 Apr 2022, 11:43 PM

বুধবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “আজকে যারা দেশ শাসন করছে তারা পুরো ফেইক, প্রতারণা। আপনার রিজার্ভের কথা বলছে, তারা রিজার্ভের ৪৬ বিলিয়ন ডলারের কথা বলছে।

“আইএমএফ বলছে আসলে এটা ফিফটিন পারসেন্ট বাড়িয়ে বলা হয়েছে। এটা একটা ভুয়া সংখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ তার চাইতে প্রায় ৭ বিলিয়ন ডলার কম। এটা গেল পরীক্ষিত একটা ব্যাপার।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,গত বছর অগাস্টে বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। পরে ডিসেম্বরে ৪৬ বিলিয়ন এবং এবছর জানুয়ারিতে তা আরও কমে ৪৪ বিলিয়ন ডলার হয়।

বিএনপি মহাসচিব বলেন, “তারা মাথাপিছু আয় বাড়ার কথা বলছে। তাই যদি হবে আমার শফিউদ্দিন ভাই তিনি আত্মহত্যা করলেন কেন? আজকে তিনি সেচের ব্যবস্থা পাননি।

“আপনি লক্ষ্য করে দেখবেন, প্রতিটি ক্ষেত্রে, সরকার যারা আজকে জোর করে ক্ষমতায় এসেছে, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বন্দুক, পিস্তল নিয়ে জোর করে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, মিথ্যাচার করছে।”

মির্জা ফখরুল বলেন, “তারা কথায় কথায় উৎপাদনের কথা বলছে, উন্নয়নের কথা বলছে। এমন মনে হয় যেন, আপনার উন্নয়নের দাপটে বাংলাদেশে যেন সব কিছু তারা সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে।

“অথচ গতকালই আমরা দেখেছি যে, কৃষিখাতে শষ্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখনো ৬৭ লক্ষ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হচ্ছে।”

এসব তথ্য তুলে ধরে তিনি বলেন, “যেটা প্রমাণ করে তারা যে সমস্ত দাবি করে যে, তারা খাদ্য শস্যে স্বয়ং সম্পূর্ণতা লাভ করেছে, এটা সম্পূর্ণ একটা ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়।

“আওয়ামী লীগের চরিত্রটাই এটা। মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করে তারা একটা চমক সৃষ্টি করে এগিয়ে যেতে চায়। পুরো জিনিসটা প্রতারণা।”

কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এর আগে মাঠ পর্যায়ের তিনজন কৃষক জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য ফরম পূরণ করে বিএনপি মহাসচিবের হাত থেকে কৃষক দলের সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “কৃষক ভাইদেরকে সরকার চরম বিপাকের মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের মনে আছে যে, তারা বলেছিল যে, আমরা ১০ টাকা কেজি চাল খাওয়াব।

“তারা কি খাইয়েছে? এখন কত? ৬০-৭০ টাকা। কৃষক ভাইদের বলেছিল যে, আমরা বিনা পয়সায় সার দেব। বিনা পয়সায় কি সার দিয়েছে? এখন তিন-চার গুণ সারের দাম।

“ঘরে ঘরে চাকরি দেবে তারা বলেছিল। সেই চাকরি তো সাধারণ মানুষ পায়ই না। যারা চাকরি পায় তাদের ২০-২৫ লক্ষ পর্যন্ত ঘুষ দিয়ে চাকরি পায়।”

কৃষক দলের নতুন কমিটির নেতৃত্বে কৃষকদের সংগঠিত হওয়ার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের জনগোষ্ঠির সবচেয়ে বড় অংশ হচ্ছে কৃষক।

“আমাদেরকে এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস সঞ্চয় করতে হবে, এটা জরুরি। বাংলাদেশের অতীত ঐতিহ্য আছে, এদেশের কৃষকরা বরাবরই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি প্রতিদিন ১৮-২০ ঘণ্টা কাজ করেন, আমাদের দলকে সুসংগঠিত করবার চেষ্টা করছেন।

“তার প্রমাণ কৃষক দলকে কত দ্রুত নতুন নেতৃত্ব তৈরি করে দিয়েছেন তিনি। একইভাবে প্রতিটি অঙ্গসংগঠনকে সংগঠিত করছেন, বিএনপিকে সংগঠিত করছেন।”

গ্যাস-পানি-বিদ্যুতের দাম এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত দাবি করে তিনি বলেন, “মানুষ এখন বিক্ষুব্ধ, তারা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসতে চায়।

“আসুন সংগঠনকে শক্তিশালী করুন। শিগগিরই কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচিতে আমরা যেন কৃষকদের সম্পৃক্ত করতে পারি তার চেষ্টা আমাদের করতে হবে।”

কৃষক দলের সভাপতি হাসান জাফির ‍তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে কৃষক দলের হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, মোশাররফ হোসেন, ওমর ফারুক শাফিন, ওবায়দুর রহমান টিপু বক্তব্য রাখেন।