রাঙ্গার স্ত্রী রাকিবার মৃত্যু
সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার স্ত্রী, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রাকিবা নাসরিন মারা গেছেন।
রোববার রাত ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানান।
৫৫ বছর বয়সী রাকিবা নাসরিন ক্যান্সারে ভুগছিলেন। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
সোমবার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
দলের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
