২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটির কাছে ১০ জনের নাম দিল জাসদ

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য সার্চ কমিটির কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 08:58 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের হাতে এ তালিকা দেওয়া হয় বলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে গত ২৭ জানুয়ারি পাস হওয়া আইনের আলোকে ৫ ফেব্রুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

পরদিন এক গণবিজ্ঞপ্তিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করতে বলে সার্চ কমিটি।

জাসদের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সার্চ কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য সর্বোচ্চ ১০ জনের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত প্রস্তাব আকারে পাঠাতে চিঠি দেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে সার্চ কমিটির সভাপতি বরাবর জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি স্বাক্ষরিত ফরওয়ার্ডিং লেটারসহ বদ্ধখামে নামের তালিকা ও প্রস্তাব পাঠানো হয়েছে।

জাসদের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত এ তালিকার নাম প্রকাশ করা হবে না। নাম প্রস্তাবে বিবেচনায় ছিল প্রস্তাবিত ব্যক্তিদের বিচারিক কাজ, প্রশাসনিক কাজ এবং আইনশৃঙ্খলায় দক্ষতা।

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এ তালিকা হস্তান্তর করেন।

আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্ত করতে সার্চ কমিটি ১৫ দিন সময় পাবে। সাংবিধানিক এ প্রতিষ্ঠানের জন্য যোগ্য সিইসি ও নির্বাচন কমিশনারদের খোঁজে আইন অনুযায়ী কাজ করছে কমিটি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে নতুন ইসি চূড়ান্ত না হলেও কোনো সমস্যা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা।