অন্যের ধরিয়ে দেওয়া ফলাফল ঘোষণা করছে ইসি: জি এম কাদের
দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন কমিশন এখন ‘অন্যের ধরিয়ে দেওয়া ফলাফল’ ঘোষণা করছে।
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোট চলার মধ্যেই বুধবার এক দলীয় সভায় সংসদের বিরোধীদলীয় উপনেতার এ মন্তব্য আসে।
জিএম কাদের বলেন, “দেশের নির্বাচন ব্যবস্থা এভাবে চলতে থাকলে দেশের রাজনীতি ও রাজনৈতিক দলগুলো হুমকির মুখে পড়বে। দেশের রাজনীতি আর রাজনৈতিক দলগুলো হারিয়ে যাবে। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, মনে হচ্ছে নির্বাচন কমিশন খুবই অসহায়। তাদের যে ফলাফল ধরিয়ে দেওয়া হয়, নির্বাচন কমিশন তাই ঘোষণা করছে।”
প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীনদের সঙ্গে ‘মিলে নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত’ করছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলের গাজীপুর মহানগরের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভায় কাদের বলেন, “স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি। সংবিধানের মূল চারটি স্তম্ভের মধ্যে গণতন্ত্র নেই, সাংবিধানিকভাবেই চলছে একনায়কতন্ত্র।
“আর রাষ্ট্রীয়ভাবেই সমাজতন্ত্র বাতিল করে মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার নেই বললেই চলে। জাতীয়তাবাদও হুমকির মুখে, জাতির নিজস্বতা হারিয়ে যাচ্ছে। দেশে শুধু ধর্ম নিরপেক্ষতা বজায় আছে।”
জিএম কাদেরের ভাষায়, “গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না। একনায়কতন্ত্রে ক্ষমতাসীনরা আইনের ঊর্ধ্বে থাকেন। বেড়ে যায় দুর্নীতি ও দুঃশাসন। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশের মানুষ স্বাধীনতার সুফল অর্জন করতে পারবে না।“
দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “দেশের মানুষ পরিবর্তনের আশায় চেয়ে আছে। তারা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না। কারণ বিএনপি দেশের মানুষের প্রত্যাশা বোঝে না। তারা তাদের নেত্রীর চিকিৎসা আর এক নেতার দেশে ফেরার রাজনীতিতে ব্যস্ত।”
প্রতি বছর দেশ থেকে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে- এমন তথ্য তুলে ধরে তিনি বলেন, “দেশের মানুষ জানতে চায় কারা দেশের টাকা বিদেশে পাচার করছে। তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চায় দেশের মানুষ।
“দেশে বড় বড় প্রকল্প হচ্ছে, বড় বড় কমিশনের আশায়। দেশের মানুষ পানির নিচ দিয়ে রেললাই আর মাথার উপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রতিটি উপজেলায় বিশেষায়িত হাসপাতাল, যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ সকল চিকিৎসা পাবে।”
জাতীয় পার্টির গাজীপুর মহানগর সভাপতি এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. সিরাজুল হক, যুগ্মসচিব জসিম উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
