২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের প্রচার প্রায় বন্ধ, প্রতিপক্ষের অপপ্রচার চলছে: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে অবিরত অপপ্রচারের কথা তুলে ধরে তার মোকাবেলায় দলীয় প্রচারণা বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 06:03 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় এ নির্দেশনা আসে।

ওবায়দুল কাদের বলেন, “মহামারী করোনার কারণে দলের প্রচার-প্রচারণা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। কিন্তু দল ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার থেমে থাকেনি।

“এসময় অপপ্রচার স্মরণকালের সবচেয়ে বেশি হয়েছে। এই ষড়যন্ত্রমূলক রাজনীতি দেশে যেমন হয়েছে, বিদেশ থেকেও হয়েছে। আমি বলব, আগামী নির্বাচনকে সামনে রেখে এসব অপপ্রচার চলছে।”

‘অনলাইনে প্রতিনিয়ত’ অপপ্রচার চলছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মাঝে মাঝে অপপ্রচারের সুনামি দেখতে পাই, তাতে মনে হয় আমরা ম্লান হয়ে যাই।

“আজকে ষড়যন্ত্র এবং অপপ্রচারের জবাব আমাদেরকে দিতে হবে। কিন্তু সেই কাজটি আমরা যথাযথভাবে পালন করছি বলে মনে হয় না।”

অপপ্রচার বাড়ার কারণ ব্যাখ্যা করে কাদের বলেন, আওয়ামী লীগের ‘প্রতিপক্ষ’ বুঝে নিয়েছে, তারা বাংলাদেশের জনগণের সমর্থনে ক্ষমতায় যাওয়ার কোনো আশা দেখছে না।

“সে কারণেই তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াস নিয়েছে। তারা সকল অপশক্তিকে সঙ্গে নিয়ে, তাদের সকল হাতিয়ার নিয়ে আওয়ামী লীগকে মোকাবিলার জন্য একত্রিত করছে।”

প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্যদের আওয়ামী লীগ সভাপতি বলেন, “আগামী দিনে অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের বিশেষ ব্যবস্থা করতে হবে।      প্রচারের বিষয়টি আমাদের বিজ্ঞানসম্মতভাবে সাজাতে হবে। পৃথিবী বদলে গেছে, বদলে যাওয়ার সেই পৃথিবীর ছবির সঙ্গে বাংলাদেশকে মেলাতে হবে।

“ফেইসবুক, ইউটিউবে আমাদের প্রচারের মাধ্যমে প্রতিপক্ষদের অপপ্রচারের জবাব দিতে হবে। করোনা মহামারীর মধ্যে খারাপ পরিস্থিতিতে দলের নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আগামী জাতীয় নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে কাদের বলেন, “দুই বছর কিন্তু বেশি সময় নয়। এ সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে।”

এসময় তিনি সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরার জন্য প্রচার ও প্রকাশনা উপ-কমিটিকে বিশেষভাবে কাজ করার নির্দেশনা দেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার প্রকাশনা উপ-কমিটির সদস্যরা সেখানে ছিলেন।