২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানপন্থিদের’ বর্জনের ডাক ১৪ দলের

পাকিস্তানের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 10:39 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

তারা বলেছেন, বিএনপি, জামায়াতসহ যেসব রাজনৈতিক দল জঙ্গি-আল-বদর-রাজাকার ও পাকিস্তানপন্থিদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনৈতিক অংশীদারিত্ব করে, তাদেরকে বর্জন করতে হবে। রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় দিতে হবে।

রোববার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, “বিএনপি আজকে ইস্যু নিয়েছে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ইস্যু। অথচ এ দুই বছরে তারা খালেদা জিয়ার মুক্তি চেয়ে একটা পোস্টারও করেনি।

“এটা তাদের ইস্যু নয়। এটা তাদের মুরব্বী দেশের ইশারায় দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ করতে, তাদের এ হাঁকডাক।“

কোনো ইস্যু ‘জনগণ খাবে না’; তাই বিএনপি-জামায়াত খালেদার বিদেশে চিকিৎসার ইস্যু নিয়ে মাঠ গরম করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি তাদের চেহারা পরিবর্তন করেনি। এখনও পাকিস্তানের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা জঙ্গিবাদ করে, অস্বাভাবিক সরকার করার পাঁয়তারা করছে।

“এই ৫০ বছরের অভিজ্ঞতা বলে- এ জঙ্গি, জামাতি চক্র মাফও চায়নি বদলায়ওনি। উপরন্তু রাষ্ট্রের ওপর হামলার ছক আঁকছে। রাজাকার সাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে।“

সাম্প্রদায়িক রাজনীতির বিষফোড়া ধর্ম ব্যবসায়ীরা ‘রাজনৈতিক বেঈমান’ মন্তব্য করে তিনি বলেন, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই।

“যারা জঙ্গি ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রের ওপর হামলা আক্রমণ পরিচালনা করছে, ইসলাম বিক্রি করে ধর্মীয় উস্কানি দিচ্ছে- তাদের কঠোরভাবে দমনই না, নিষিদ্ধ করতে হবে এবং রাজনীতি থেকে চিরবিদায় দিতে হবে।“

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, “যখন বিজয়ের ৫০ বছরে আমরা সুবর্ণজয়ন্তী পালন করছি, তখন সাম্প্রদায়িক গোষ্টী মাথাচারা দিয়ে উঠেছে। এগুলো প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা শাণিত করতে হবে। কথার ফুলঝুরি নয়, রাষ্ট্র ও সমাজজীবনের সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে।”

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে তার রাজনৈতিক মতাদর্শ ধারণ করে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে বলে মত দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “আজকে বাংলাদেশ আয়তনের দিক দিয়ে ৯২তম হলেও অনেক কিছু উৎপাদনে সামনের সারিতে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে।

 “পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে বিশ্বব্যাংক আজ শেখ হাসিনার প্রশংসা করলেও একটি দল এবং তাদের সমমনা দল বিএনপি-জামায়াত এই উন্নয়ন-অগ্রগতি দেখতে পায় না। এটা দু:খজনক।“

কনিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক শ্রমিক নেতা ওয়াজেদ খান বলেন, “সমাজ থেকে বৈষম্য ও দুর্নীতি নির্মুল করতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তিকে এদেশের মাটি থেকে উৎখাত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।”

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, “যারা ধর্মের দোহাই দিয়ে ধর্মের অপব্যাখ্যা করে যারা রাজনীতি করে ফায়দা লুটতে চায় তার বিপক্ষে দাঁড়াতে হবে। ওয়াজ মাহফিলের নামে যারা স্বাধীনতা ও সরকারের বিরুদ্ধে কথা বলে, এদের ওয়াজগুলো বন্ধ করা দিতে হবে।”

আলোচনা সভায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ-বিএসডি) আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জনবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

অন্যদের ওয়ার্কার্স পার্টি নেতা কামরুল ইসলাম, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ বক্তব্য রাখেন।