বিজয়ের দিনে ‘ষড়যন্ত্রের বেড়াজাল’ ছিন্ন করার অঙ্গীকার
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সকল ‘ষড়যন্ত্রের বেড়াজাল’ ছিন্ন করার অঙ্গীকার জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওমী লীগ ও এর সহযোগী সংগঠন- যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ লীগের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে আমরা জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।”
স্বাধীনতার ৫০ বছর পর দেশের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের কথা স্মরণ করেন তিনি।
“বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে, আজ বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।”
যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি ও তাদের দোসররা এখনো সক্রিয় আছে বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
