২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়’ শপথ নেওয়ার আহ্বান ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক করতে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়’ শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 10:11 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

সোমবার বিকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের সেই সব বুদ্ধিজীবী যারা প্রাণ উৎসর্গ করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, যারা রক্ত দিয়ে দিয়েছেন শুধু দেশের স্বাধীনতার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। তাদের এ আত্মত্যাগ কখনও সার্থক হবে না।

“আমরা যদি সত্যিকার অর্থেই আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তবে শহীদ বুদ্ধিজীবীদের এ আত্মত্যাগ সার্থক হবে, তাদের আত্মা শান্তি পাবে। আসুন আজকের এ দিনে এ শপথ গ্রহণ করি, আমরা ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনের দিকে এগিয়ে যাই।”

সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে তুলে ধরে ফখরুল বলেন, “আমাদের দুর্ভাগ্য আজকে ৫০ বছরে আমাদের স্বাধীনতাকে সুসংহত করার কথা, আমাদের সার্বভৌমত্বকে সুসংহত করার কথা, আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরও উপরে নিয়ে যাওয়ার কথা। তখন এমন একটি সরকার যারা আজকে বিনা ভোটে ক্ষমতা দখল করে বসে আছে। যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আজকে তারা বিশ্বে বাংলাদেশের সমস্ত সন্মানকে ক্ষুন্ন করছে।

“যুক্তরাষ্ট্র আমাদের একটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিষ্ঠানের সমালোচনা করেছে, তাদের সাত কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। কারণটা কী? খুব পরিস্কার করে তারা (যুক্তরাষ্ট্র) বলেছে, এরা মানবাধিকার লঙ্ঘন করেছে। অর্থাৎ বাংলাদেশে তারা মানুষকে অন্যায়ভাবে-বেআইনিভাবে খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, এক্সট্টা জুডিশিয়াল কিলিং হয়েছে। এখানে ছয়শ এর উপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, এখানে হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে।“

রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ আলোচনা সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আজকে দেশে মুক্তিযুদ্ধের যে আকাঙ্খা গণতন্ত্র অনুপস্থিত। মানুষের অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই। অর্থনৈতিক বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে।“

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখলাম, আমেরিকায় গণতন্ত্র সম্মেলন বা কনভেনশন হয়েছে, সেখানে বাংলাদেশ আমন্ত্রণ পায় নাই। আর সরকার কী বললো? যারা এই সম্মেলন করছে তাদের গণতন্ত্র হলো নরম গণতন্ত্র।

“আর বাংলাদেশে না কি খুব শক্তিশালী গণতন্ত্র আছে। শক্তিশালী গণতন্ত্রের দেশগুলো এ কনভেনশন আহবান করে নাই। এভাবে আপনারা দেখবেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত ৫০ বছর বাংলাদেশে যা ঘটছে, সব কিছুর একটা ভুল ব্যাখ্যা দিতে এ সরকার সর্বদায় সচেষ্ট রয়েছে।”

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের ঘোষিত কর্মসূচির এটি প্রথম।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। সকাল ৯টায় দলের শীর্ষ নেতারা মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করবেন।

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম বক্তব্য রাখেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্ববায়ক আবদুস সালাম, অঙ্গ সংগঠনের মধ্যে যুবদলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, উত্তরের আমিনুল হক বক্তব্য রাখেন।