কখন আন্দোলন ‘শুরু করা যাবে’, বললেন ফখরুল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে জনগণ ‘আরও শক্তি’ নিয়ে বেরিয়ে এলে আন্দোলন ‘শুরু করা’ যাবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এমন আশার কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমি পেশাজীবীদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আর কাল বিলম্ব নয়, জনগণ বেরিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি সব জনগণই বেরিয়ে আসবে, আরও বেশি করে আসবে।
“পেশাজীবী ভাইরাও এগিয়ে আসবেন আরও বেশি, আরও শক্তির সঙ্গে। তখন নিঃসন্দেহে আমরা আন্দোলন শুরু করতে পারব। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করতে পারব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে।”
বিএনপি মহাসচিব বলেন, “আজকের এই আন্দোলন শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, আজকের এই আন্দোলন হচ্ছে সমগ্র দেশের, সমগ্র জাতির মুক্তির আন্দোলন।”
গণতন্ত্র ‘ধ্বংস করা হয়েছে’ মন্তব্য করে ফখরুল বলেন, “আজকে সেই কারণে আমরা জনগনকে সঙ্গে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যের মধ্য দিয়ে, সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে দিয়ে একটা দুর্বার গণআন্দোলন গড়ে তুলি।
পেশাজীবী পরিষদের মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না
দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে খালেদা জিয়া এখন সরকারের নির্বাহী আদেশে মুক্ত। দেড় বছর আগে তার সাময়িক মুক্তির শর্তে বলা হয়, নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং বিদেশে যেতে পারবেন না।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “ওপরে আল্লাহ আছেন আর নিচে বাংলাদেশের ১৮ কোটি মানুষ। তার দোয়া ও আশীর্বাদে বেগম জিয়া সুস্থ হবেন এবং ফিরে আসবেন বাংলাদেশের মানুষের মাঝে।
“আমি আপনাদের বলছি-যে লড়াই আপনারা শুরু করেছেন তার সুচিকিৎসার জন্য, তার মুক্তির জন্য, এই লড়াই অব্যাহত রাখেন। তারা (সরকার) যেমন ধরা খেতে শুরু করেছে, এর পরে এমনভাবে ধরা খাবেন যেমনভাবে জালের মধ্যে মানুষ ধরা পড়লে ততই আটকিয়ে যায়, আমাদের সরকারও সেরকম আটকে যাবে, ছাড়া পাবে না।”
পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক শওকত মাহমুদ
“যদি আপনারা (সরকার) অনুমতি না দেন, আমরা অনুমতি আদায় করে নেব। আমরা পেশাজীবীরা রাজপথে দাঁড়িয়ে সেই দাবি আদায় করব। আমরা বলে দিতে চাই, বেগম খালেদা জিয়ার কিছু হলে আপনাদেরও কিছু হবে।”
সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার পরিচালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম, আইনজীবী ফোরামের অ্যাডভোকেটে আহমেদ আজম খান, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশনের ডা. রফিকুল কবির লাভলু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম, চৌধুরী আবদুল্লাহ ফারুক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবে ইলিয়াস খান, কর আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আবদুল মতিন, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের জাকির হোসেন, এমটেবের বিপ্লব-উজ-জামান বিপ্লব, সম্মিলিন সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্মের কালাম ফয়েজী বক্তব্য রাখেন।
পেশাজীবীদের এই মানববন্ধনে মহানগর বিএনপি উত্তর আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিনের আহবায়ক আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বক্তব্য রাখেন।
আরও পড়ুন
