ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ইসি ব্যর্থ: জি এম কাদের
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার জন্য সিইসি রাজনৈতিক দলগুলোকে দায়ী করলেও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলছেন, এই ব্যর্থতা নির্বাচন কমিশনের।
জি এম কাদের, ফাইল ছবি
চলমান ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার মেহেরপুরের গাংনী উপজেলার ধলা লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এক সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। পাবনার সুজানগরেও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহত ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় বিব্রত হওয়ার কথা জানিয়ে সিইসি কে এম নূরুল হুদা সম্প্রতি বলেন, সংঘাত এড়াতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা তিনি দেখছেন না।
বিবৃতিতে সংসদের বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এক সময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হত। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উৎসবের পরিবর্তে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, যেন কিছুই করার নেই তাদের।
“পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে প্রতিদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতাশ করছে জাতিকে। ইতোমধ্যেই কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে একজন মায়ের দুই ছেলেকেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এরচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না।”
নির্বাচনী সহিংসতা ঠেকাতে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “নির্বাচনী সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন শন্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে না, এটা হতে পারে না।”
