গণফোরামের একাংশের কাউন্সিল ৩ ডিসেম্বর
গণফোরামের একাংশ আগামী ৩ ডিসেম্বর ষষ্ঠ জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দলটির একাংশের বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনের মুখপাত্র সুব্রত চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি গণফোরাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ২৯ আগস্ট গণফোরাম প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের ভিতরে ও বাইরে বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়।
“২০১৯ সালের ২৬ এপ্রিল বিশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবার পর থেকেই কিছু উচ্চাভিলাষী, কুচক্রী মহল দলের সভাপতি ড. কামাল হোসেনকে সামনে রেখে দলের ভিতরে তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বারবার অনুরোধ করা স্বত্ত্বেও গঠনতন্ত্র লংঘন করে দুই বছর কোনো কেন্দ্রীয় কমিটির সভা আহবান করেনি।“
চক্রটি দলের সাংগঠনিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করছে দাবি করে সুব্রত চৌধুরী অভিযোগ করেন, “কার্যত দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই এবং গঠনতন্ত্রের কোনো কার্যকারিতা/প্রয়োগ নেই।
"ড. কামাল হোসেনকে বারবার যৌখিক ও লিখিতভাবে অনুরোধ করা স্বত্ত্বেও তিনি দলের ঐক্য ও শৃঙ্খলা রাখার ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এমতাবস্থায় গত ২৪ অগাস্ট ও ২৬ সেপ্টেম্বর দলকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য এবং দলকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখার জন্য ড. কামাল হোসেনকে চিঠি দেওয়া হয় কিন্তু তিনি অদ্যবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।“
এমন প্রেক্ষাপটে বিগত ২৮ বছরের অভিজ্ঞতার আলোকে গণফোরামকে দেশব্যাপী সুসংগঠিত করতে আগামী ৩ ডিসেম্বর ঢাকায় গণফোরাম এর ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, দলের প্রতিষ্ঠাতা ড. কামাল ঘর থেকেই গণতন্ত্র শুরু করতে ব্যর্থ হয়েছেন।
গণফোরাম ‘গুপ্তচরবৃত্তির’ দল- রেজা কিবরিয়ার এমন মন্তবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ বলেন, "তাহলে কি ডাক্তার রেজা কিবরিয়া এতদিন গুপ্তচরবৃত্তির মাধ্যমে গণফোরামে সাধারণ সম্পাদক ছিলেন? এর দায়ভার তাকে বহন করতে হবে। আগামী কাউন্সিলের মধ্য দিয়ে তরুণ নেতৃত্ব বেরিয়ে আসবে।"
সংবাদ সম্মেলনে মন্টু বলেন, "কামাল হোসেন আমাদের শ্রদ্ধেয়। এ বর্ধিত সভায় তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আসেননি।
বর্ধিত সভায় ও সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের পতন ঘটাতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরামের একাংশের নেতারা।
আরও পড়ুন
