শাহজাদপুরে নৌকার প্রার্থী কবিতা
হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা ওই আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বোন। তাদের বাবা অধ্যাপক মাযহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক। তাদের চাচা আব্দুল খালেকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিরাজগঞ্জের আসনটিতে মেরিনার প্রার্থিতা চূড়ান্ত হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।
আসনটিতে আওয়ামী লীগের এমপি স্বপন গত ২ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে এমপি হওয়ার পর আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তখন উপ-নির্বাচনে এমপি হয়েছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চয়ন।
২০০৮ সালে চয়নই নৌকা নিয়ে এই আসনে এমপি হন। তবে ২০১৪ ও ২০১৮ সালে স্বপনকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ।
গণভবনে বৃহস্পতিবারের সভায় ২টি উপজেলা ও ১০টি পৌরসভায় উপ-নির্বাচন এবং প্রার্থীদের মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীও চূড়ান্ত হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় মো. রেজাউল করিম (মন্টু), টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলা পরিষদে মোছা. নার্গিস বেগম, দিনাজপুর জেলার ঘোড়াঘাটে মো. ইউনুছ আলী এবং নীলফামারীর ডোমার উপজেলায় গনেশ কুমার আগর ওয়ালা, চাঁপাইনবাবগঞ্জে মো. মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলায় মো. শাহিদুল বারী খাঁন, নড়াইলের লোহাগড়ায় সৈয়দ মসিয়ূর রহমান, নরসিংদী জেলার ঘোড়াশালে মো. আল মুজাহিদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মো. গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়ায় মোহাম্মদ মোস্তফা, খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মো. রফিকুল আলম (কামাল)-কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া) বাগেরহাট মোড়েলগঞ্জের খাউলিয়ায় মো. সাইদুর রহমান, রামপালের রাজনগরে মোসা. সুলতানা পারভীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
