২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির ওপর আস্থা ‘শূন্যের কোঠায়’: জিএম কাদের

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন ‘শূন্যের কোঠায়’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2021, 04:34 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

রোববার দলীয় এক অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, “যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে।”

সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন, দেশে এখন ‘বিরাজনীতিকরণ’ চলছে।

“তাই দেশের রাজনীতিতে দলগুলো টিকতে পারছে না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিতে আসবে না, ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না। সরকারের ফরমায়েশ মোতাবেক নামেমাত্র দল থাকবে, নেতা থাকবে, সেসকল দলের বা নেতাদের স্বতঃস্ফূর্ত সংগঠন থাকবে না বা দেশের মানুষের সমর্থন থাকবে না।"

বর্তমান সরকার ব্যবস্থাকে ‘কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না’ মন্তব্য করে তিনি বলেন, “সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই কাউকেই দোষারোপ করা যায় না। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের প্রায় নব্বই ভাগ রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে।”

রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই অনুষ্ঠানে পল্লীবিদ্যুত সমিতির সাবেক জ্যেষ্ঠ মহা ব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ জাতীয় পার্টিতে যোগ দেন।

জিএম কাদের বলেন, “১৯৯১ সালের পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল- তা বাস্তবায়ন করতে পারেনি। বরং প্রায় ক্ষেত্রে অবস্থার অবনতি হয়েছে এবং ক্রমান্বয়ে অবনতির মাত্রা বৃদ্ধি পেয়েছে।”

জাতীয় পার্টির খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঁঙ্গা, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বক্তব্য দেন।