বিএনপি আছে লাশের রাজনীতি নিয়ে: খালিদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দরজা সবার জন্য উন্মুক্ত করে দিলে বিএনপির ঘর শূন্য হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর বিএমএ অডিটরিয়ামে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, বিএনপি আছে লাশের রাজনীতি নিয়ে। তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে নাই। প্রধানমন্ত্রী যদি বলেন, আওয়ামী লীগের দরজা খোলা আছে, তাহলে বিএনপির ঘর শূন্য হয়ে যাবে। মির্জা ফখরুলরা জানে না, যে তারা ডানে, বামে, পেছনে- কাউকেই পাবেন না।
“যদি মাননীয় প্রধানমন্ত্রী ইশারা দেন। কারণ আদর্শহীন, নীতিহীন একটি রাজনৈতিক দল জিয়াউর রহমান গঠন করেছিলেন খুনিদেরকে নিয়ে, অপরাধীদেরকে নিয়ে। বাংলার মানুষ এখন বুঝতে পেরেছে, তারা খুনি-অপরাধীদের সঙ্গে নাই। দেশের মানুষ সত্য এবং সুন্দরের সঙ্গে আছে। সত্য এবং সুন্দর হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু।”
পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে সৃষ্ট হওয়া অপপ্রচারের কথা তুলে ধরে খালিদ মাহমুদ বলেন, “একটি হত্যাকাণ্ডকে জায়েয করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জিয়াউর রহমান কীভাবে অপপ্রচার চালিয়েছে? কীভাবে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। কীভাবে নোংরা কল্পকাহিনী সাজিয়ে বঙ্গবন্ধু পরিবারকে খাটো করার চেষ্টা করা হয়েছে।
“বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যার মুখে প্রথম উচ্চারিত হয়েছিল জয়বাংলা স্লোগান। তিনি ইন্দিরা গান্ধীর আহ্বানে সাড়া না দিয়ে, নিরাপদ জীবন ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর আরেক সন্তান শেখ জামাল পাকিস্তানের বন্দিদশা থেকে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তারা ইচ্ছা করলেও নিরাপদ জীবন যাপন করতে পারতেন।”
নৌ পর্যটনে বিআইডব্লিউটিসির সম্পৃক্ততা থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, “ইতোমধ্যেই আমরা দুটি ক্রুজ ভেসেলের চুক্তিপত্র করেছি। এ দুটি ভেসেলে সব আন্তর্জাতিক সুবিধা থাকবে। আগামী দুই-তিন বছরের মধ্যেই এ জাহাজ দুটি পেয়ে গেলে বিদেশি পর্যটকরাও এখানে আগ্রহ দেখাবে। নদীমাতৃক বাংলাদেশের কথা চিন্তা করেই বিআইডব্লিউটিসিকে এগিয়ে যেতে হবে।"
বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (সিবিএ) সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. মহসিন ভূইয়ার সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, সাহাবুদ্দিন মিয়া, মো. মশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্সী জুলহাস রহমান বক্তব্য রাখেন।
