জিয়ার লাশ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: তথ্যমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ নিয়ে দলটির নেতারা জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সেনাবাহীনির নির্দেশে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানের লাশ ঢাকা আনা হয়েছে। কিন্তু জিয়ার নামে যে লাশ আনা হয়েছে, সেই লাশ জিয়ার ছিল না।
“কারণ সেই সময় তিনজন সেনা অফিসারের লাশ এক সাথে ছিল। সেখান থেকে না দেখেই একটি লাশ ঢাকায় আনা হয়েছে। ফলে এটা যে জিয়ার লাশ তার প্রমাণ নেই।“
বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, “গতকাল (শনিবার) মির্জা ফখরুল ইসলাম বলেছেন জিয়ার লাশ নিয়ে আওয়ামী লীগ এখন প্রতারণা করছে। আওয়ামী লীগ নয় বরং বিএনপিও জিয়ার লাশ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে।
“কারণ, তারা এক জনের লাশের জায়গায় অন্য জনের জানাজার নামাজ পড়া হয়েছে। এটা ধর্মীয়ভাবে বৈধ নয়। এটি নিয়ে বিএনপি প্রথম প্রতারণা শুরু করেছে।”
তিনি আরও বলেন, “৫০বছর পরও দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা খবর ছাড়াচ্ছে বিএনপি-জামায়াত চক্র। তারা মুক্তিযোদ্ধের নায়কদের কথা তুলে না ধরে খলনায়কদের নায়ক হিসেবে তুলে ধরছেন।
“বঙ্গবন্ধুর পক্ষে ২৬ মার্চ প্রহরে প্রথম স্বাধীনতার ঘোষাণা দেওয়া হয়। পর দিন ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে দিয়ে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষাণা পত্র পাঠ করান। এই প্রকৃত স্বাধীনতার ঘোষকের ইতিহাস বিকৃতি করা হচ্ছে।“
তিনি বলেন, “স্বাধীনতার তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে মাত্র ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ ধনী দেশে পরিণত হত। সোনার বাংলাদেশে পরিণত হত। বর্তমান প্রধানমন্ত্রী এখন বঙ্গবন্ধুর সেই দেখানো পথেই রাষ্ট্র পরিচালনা করছেন। দেশ এগিয়ে যাচ্ছে। দারিদ্রতা কমে আসছে। কেউ আর খালি পায়ে হাঁটে না। না খেয়ে থাকে না।”
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে বয়কটের আহবান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “স্বাধীনতার পরাজীত শক্তিকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। এই দেশ থেকে চির বিদায় করতে হবে। আর এই পরাজিত শক্তিকে নিয়েই বিএনপি রাজনীতি করছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সভাপিত আব্দুল হাই এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এবি তাজুল ইসলাম।
