২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চন্দ্রিমায় জিয়ার মরদেহ: ‘নিজে প্রত্যক্ষদর্শী’ দাবি ফখরুলের

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকার বিষয়ে ‘নিজে প্রত্যক্ষদর্শী’ ছিলেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দিতেই এটিকে সামনে আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2021, 08:55 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

Image
ফাইল ফটো

চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রীদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব নিজে প্রত্যক্ষদর্শী হিসেবে প্রমাণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ সম্পর্কে, তার বডি এখানে এসেছে কিনা সে সম্পর্কে যে কথাগুলো এখন তারা বলেছে। আমি শুধু আজকে তার একটা প্রমাণ তুলে ধরতে চাই যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ সেই চট্টগ্রামে তোলা হয়, তারপর পোস্ট মোর্টেম করা হয়।

“ডা. তোফায়েল আহমেদ সাহেব তার পোস্ট পোর্টম করেছিলেন এবং ২২টি বুলেট তার শরীর থেকে বের করে নিয়ে এসেছিলেন।“

এরপর বিগ্রেডিয়ার আসম হান্নান শাহ (প্রয়াত) তার মরদেহ সামরিক এয়ার ক্রাফটে করে কুর্মিটোলায় নিয়ে এসেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যেটা আমরা সবাই স্বচক্ষে দেখেছি। আমার মনে হয় তখন ড. মোশাররফ হোসেন সাহেব উপস্থিত ছিলেন।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

“আমি এসএ বারী এটি (উপ-প্রধানমন্ত্রী) সাহেবের প্রাইভেট সেক্রেটারি হিসেবে আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমরা সেখানে দেখেছি- একটা কাঁচের বাসকেট ছিল, সেখান থেকে আমরা তার দেহ দেখেছি।”

তার অভিযোগ, ‘‘আজকে এই ধরনের কথাবার্তা বলার একটাই মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে, ইতিহাসকে বিকৃত করে দেওয়া, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশকে এই যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে সেখান থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেয়া।”

‘‘আওয়ামী লীগের এখন কোনো রাজনীতি নাই। তারা অন্তঃসার শূণ্য একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা জনগণের কোনো সমস্যার সমাধান করতে পারে নাই। তারা করোনার সমস্যার সমাধান করতে পারে নাই, আজকে রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই। আজকে আমাদের শিশুদের লেখাপড়া প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অর্থনীতি একেবারে রসাতলে যাচ্ছে।“

এই অবস্থা উত্তরণে সকলকে বিশেষ করে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘এই সরকার যতদিন থাকবে, আরও বেশিদিন যদি থাকে বাংলাদেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমাদের বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে জনঐক্য সৃষ্টি করা।”

বিএনপির স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘২৮ আগস্ট ১৯৭১: জিয়াউর রহমান কর্তৃক রৌমারীতে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম বেসামরিক প্রশাসনের উদ্বোধন’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানাজা হলেও জিয়ার কফিনে লাশ ছিল না: কাদের  

জনগণের দৃষ্টি ফেরাতে জিয়ার কবর নিয়ে কথা: বিএনপি

প্রথম কবরেও জিয়ার লাশ ‘কেউ দেখেনি’: হাছান  

চন্দ্রিমায় জিয়ার লাশ নেই, জেনেও কেন নাটক: প্রধানমন্ত্রী

জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাস্যকর’ বললেন ফখরুল

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক  

বিষয়বস্তুর উপর তথ্য-উপাত্ত উপস্থাপন করেন দলের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান।

ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘‘ রৌমারী মুক্তিযুদ্ধের একটি গৌরবময় ইতিহাস, আমাদের গর্বের স্থান। জেড ফোর্সের অধীনে অঞ্চলটি ছিলো স্বাধীন দেশের মুক্তাঞ্চল। ২৮ আগস্ট আমাদের জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান সেখানে বেসামরিক প্রশাসনের উদ্বোধন করেন। ওই সময় রৌমারীর জনগণ ট্যাক্স দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকত।

“তারা জানে যে, তাদের ট্যাক্সের টাকায় মুক্তিযুদ্ধের প্রচেষ্টা আরও জোরদার হবে। জিয়াউর রহমান কেবলমাত্র একজন সময় নায়কই ছিলেন না। কিভাবে বেসামরিক প্রশাসন চালাতে হবে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তার উদাহরণ সৃষ্টি করেছেন তিনি রৌমারীতে।”

তিনি বলেন, “আজকে ইতিহাসের এমনই বিকৃতি ঘটেছে যে, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কিনা এটাও আমাদের বক্তৃতা দিয়ে বলতে হবে। মুক্তিযুদ্ধের সময় বিদেশিদের বক্তব্য কিংবা ইতিহাসের যে নির্মোহ সত্য এগুলোকে ভুলিয়ে দেয়ার জন্য বর্তমান সরকার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে।

জাতীয় কমিটির সদস্য আহবায়ক খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সালামের পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও চিলমারী উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বক্তব্য রাখেন।