২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 12:17 PM

Updated : 27 Sep 2026, 12:17 PM

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর আফতাবনগরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী পর্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসরন মোহাম্মদ ফরাসউদ্দিন। স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান।

আরও বলা হয়, স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস এবং বিগত তিন দশকের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণার বিভিন্ন অর্জন তুলে ধরেন।

পাশাপাশি আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার নানা দিকনির্দেশনা ও রূপরেখাও দেওয়া গয়।

অন্যান্যদের মধ্যে শিক্ষকদের পক্ষ থেকে অনিন্দিতা পাল, কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন, প্রাক্তন শিক্ষার্থী (এলামনাই) প্রতিনিধিদের পক্ষ থেকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য রুবানা হক, ট্রাস্টি বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর, সাবেক উপাচার্যদের মধ্যে এম এম শহিদুল হাসান বক্তব্য দেন।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।