জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শুক্রবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে তারা ফাতেহা পাঠ ও কবির আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জাতীয় কবির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতাবাদী চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করাই আজকের দিনের শপথ।”
