২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে সেনাপ্রধান করাটা ছিল ১৫ অগাস্ট ঘটানোর পুরস্কার: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পঁচাত্তরের ১৫ অগাস্টের পর জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়াটাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা প্রমাণ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 11:26 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সভায় তিনি একথা বলেন।

কাদের বলেন, “হত্যাকাণ্ডের পরপরই মোশতাকের প্রধান সেনাপতি হয়ে গেলেন। কোন ম্যাজিকের বদৌলতে! বিশ্বাসঘাতকতার পুরস্কার। বঙ্গবন্ধু হত্যার পুরস্কার।

“খুনি মোশতাক ও জিয়াউর রহমান যদি এই হত্যাকাণ্ডে জড়িত না থাকত, বঙ্গবন্ধুর খুনিদের দুঃসাহস হত না ১৫ অগাস্ট ঘটানোর।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, “ফখরুল সাহেব, আপনি প্রমাণ চান ১৫ অগাস্টের সংশ্লিষ্টতার। কীভাবে তাহলে বঙ্গবন্ধুর খুনিরা পালাল? কে বিদেশে যাওয়ার অনুমতি দিল? বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করল কে?”

“কোন মুখে আপনি স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেন। আমরা তো আপনাদের ক্ষমতায় থাকাকালে বিচারই চাইতে পারিনি,” বলেন তিনি।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“শেখ হাসিনাকে টার্গেট করল ২১ অগাস্ট। সংসদে কথা বলতে দিল না। বেগম জিয়া বললেন, ‘উনাকে (শেখ হাসিনা) আবার মারতে যাবে কে? উনি ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছেন?”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নুজহাত চৌধুরী।

অনুষ্ঠানে দ্বিতীয় অংশে বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত কবিতা থেকে আবৃত্তি ও তৃতীয় অংশ বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চস্থ হয়।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। রচনা ও নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক মো. জাহিদুর রহমান।