২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মের ‘ভয়ঙ্কর ক্ষতি’ করছে: ফখরুল

দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যৎ প্রজন্মের ‘ভয়ঙ্কর ক্ষতি’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 06:15 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “দেখেন, হঠাৎ করেই কঠোর লকডাউন-টকডাউন সমস্ত উধাও হয়ে গেল। এখন খুললাম, যে যেমন খুশি চলো। হাজার হাজার মানুষ একসাথে চলছে, ফিরছে, সব কিছুই করছে।

“একটা জিনিসই চলছে না, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষা না পায় সেই ব্যবস্থা তারা (সরকার) করছে।”

করোনাভাইরাস মহামারীতে পৃথিবীর সব দেশেই শিক্ষার বিষয়ে আলাদা পরিকল্পনা করেছে মন্তব্য করে তিনি বলেন, “আমাদের এখানে কোনো পরিকল্পনা নাই। এই যে একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে প্রজন্মের, ক্ষতি করছে প্রজন্মের।”

অনলাইন শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “অনলাইনে কারা পড়ে? একমাত্র যারা বিত্তশালী মানুষ, তারাই অনলাইনে পড়াশোনা করতে পারে, আর তো কারো পক্ষে সম্ভব নয়।

“একটা কম্পিউটার যোগাড় করা, একটা মোবাইল সেট যোগাড় করা, সারা দেশে সেটা নাইও। গ্রামে স্কুল যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ বন্ধ। পত্রিকায় দেখেছেন যে, ছেলেরা এখন বেলুন বিক্রি করছে, বাদাম বিক্রি করছে।”

শিক্ষার্থীদের মনোযোগ ইতোমধ্যে অন্যদিকে চলে গেছে মন্তব্য করে ফখরুল বলেন, “এই যে একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে প্রজন্মের সেই ক্ষতিটা সরকার মোকাবিলার করার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা সেভাবে গ্রহণ করতে পারেনি।”

বিএনপি পরিচালিত কোভিড-১৯ হেল্প সেন্টারের জন্য ওষুধ সামগ্রী হস্তান্তর উপলক্ষে জিয়া পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওষুধপত্র দেওয়ায় পরিষদকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সব দিক দিয়ে। না পেরেছে তারা চিকিৎসা দিতে, না পেরেছে তারা আমাদের জনগণকে আগাম একটা প্রিভেনটিভ ব্যবস্থা তৈরি করার জন্য একটা ব্যবস্থা তৈরি করতে। না পেরেছে তারা মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করতে যে, আমি এখানে চিকিৎসা পাবো। পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে শুধু দুর্নীতির কারণে।”

ভারত থেকে টিকার পুরো চালান যে এখনও আসেনি, সে কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “এখন চীনের সঙ্গে চুক্তি করেছে। আমরা পত্রিকায় দেখলাম যে, এখানে টিকা বোতলজাত করবে। আমি জানি না এই চুক্তির ভেতরে বিস্তারিত কি আছে, কখন শুরু করবে।

“আমার কথা হল, চীনের টিকাই যদি নিতে হয়, ওইটাই যদি উৎপাদন করতে হয়, তাহলে প্রথমে করলেন না কেন? একটা বিশেষ প্রাণী যখন পানি খায় ঘোলা করে… এরা হচ্ছে সেই প্রাণী যারা ঘোলা করে খায়।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত’ বলেও মন্তব্য করে বিএনপি মহাসচিব।

“গোটা দেশের মানুষ যখন করোনার টিকা ও জীবন-মৃত্য নিয়ে লড়ছে সেই সময়ে তারা এটাকে ডাইভার্ট করে দিতে চান বিভিন্ন ইস্যু তৈরি করে, জনগণকে বিভ্রান্ত করতে চান।

“আমি মনে করি উনার (ওবায়দুল কাদের) বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। কোনো দায়িত্বশীল নেতার কাছ থেকে এই বিষয় নিয়ে এত কথা বলার আছে বলে আমি মনে করি না।”

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক এমতাজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে জিয়া পরিষদের নেতাদের মধ্যে শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবু জাফর খান, দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম, নীলিমা রহমান লিলি, নুরুন নবী, ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।