২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা-সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে: তথ্যমন্ত্রী

দেশ থেকে হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১ অগাস্টের প্রত্যয় হওয়া উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2021, 07:21 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিএসএমএমইউ এর ডা. মিলন হলে '২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায়’ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, "২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে তার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা হয়েছে। এবং এই হামলা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতাতেই পরিচালিত।

“১৫ অগাস্ট হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল। ক্ষমতা নিষ্কন্টক করতে হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করে জিয়াউর রহমান এদেশে হত্যার রাজনীতি শুরু করেন এবং খালেদা জিয়া তা অব্যাহত রাখেন।"

হাই কোর্টে শুনানির জন্য ‘প্রস্তুত’ ২১ অগাস্ট মামলা

২১ অগাস্ট: ভয়ঙ্কর সন্ত্রাসের সেই দিনটিও ছিল শনিবার

জিঘাংসার রাজনীতি আমাদের উন্নয়ন-অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আরও বলেন, "প্রতিপক্ষকে হত্যা করে নির্মূল করতে হবে, এই রাজনীতি যারা করে- তারা রাজনৈতিক দুর্বৃত্ত। আর এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা করে বিএনপি এবং জামাত।

"দেশে সত্যিকার অর্থে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে যারা হত্যা-সন্ত্রাসের রাজনীতি করে, মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে, মানুষকে জিম্মি করার রাজনীতি করে, তাদের রাজনীতি বন্ধ হওয়া উচিত।"

তখনকার সরকার না জড়ালে এমন হামলা হতে পারে না: প্রধানমন্ত্রী

২১ অগাস্টে নিহতদের প্রতি আওয়ামী লীগে শ্রদ্ধা নিবেদন  

২১শে আগস্টের গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের তৎকালীন পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ সেদিনের হামলা ও রক্তপাতের ভয়াবহতার বর্ণনা দেন। সভায় গ্রেনেড হামলায় রক্তাক্ত মানুষের কয়েকটি ছবি দেখান সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী।

বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় '২১ আগস্ট বাংলাদেশ' সংগঠনের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএসএমএমইউ এর উপ-উপাচার্য ছায়েফ উদ্দিন আহমদ, সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী বক্তব্য রাখেন।