২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া-মোশতাকের ‘প্রত্যক্ষ মদদে’ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: মোজাম্মেল হক

জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাক আহমেদের ‘প্রত্যক্ষ মদদে’ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 06:42 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

‘মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতেই’ বঙ্গবন্ধুকে হত্যা করা হয় মন্তব্য করে তিনি বলেছেন, সেই খুনিদের উত্তরসূরীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী এবং ২১ অগাস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শুক্রবার এক ওয়েবিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ মন্তব্য করেন।

মোজাম্মেল হক বলেন, “জিয়াউর রহমান-মোশতাকের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং তাদের উত্তরসূরীরাই বারবার বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।”

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২১ অগাস্টের হত্যাকাণ্ড ঘটানো হয় মন্তব্য করে তিনি বলেন, “১৫ অগাস্ট ও ২১ অগাস্ট দুটি ঘটনাই একসূত্রে গাঁথা, এটি নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র।

“এই ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামাত ও স্বাধীনতাবিরোধী চক্র সরাসরি জড়িত। তাই এসব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি।”

এজন্য শিগগিরই একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের চিহ্নিত করে জাতির সামনে তা উপস্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

বঙ্গবন্ধু অল্প দিনেই বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন মন্তব্য করে মন্ত্রী বলেন, “বিশ্বসভায় তিনি বাংলাদেশের নেতা হিসেবে কথা বলেননি, বিশ্বনেতা হিসেবে কথা বলেছেন।”

আ ক ম মোজাম্মেল বলেন, “মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ জাতীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে, তবেই জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।”

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের আয়োজনে ‘১৫ অগাস্টের ধারাবাহিকতায় ২১ অগাস্ট’ শীর্ষক এ ওয়েবিনারে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক কর্মসূচিকে এগিয়ে নেওয়ার আহবান জানান মোজাম্মেল হক।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় ওয়েবিনারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মতিয়ার রহমান হাওলাদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, পিএসসির সাবেক সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামালুদ্দিন আহমেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক কাজী সাইফুদ্দীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোস্তফা সামছুজ্জামানসহ বক্তব্য দেন।