২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন গড়াই চ্যালেঞ্জ, বললেন সালাম

সরকার হটানোর আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2021, 08:06 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি শনিবার প্রথম সভায় এই অঙ্গীকার করে।

মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক আবদুস সালাম বলেন, “আজকে যে অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দায়িত্ব বুঝে-শুনে দিয়েছেন।

“আপনারা এই সময়ে দলকে ঐক্যবদ্ধ করবেন, দলকে আন্দোলনের দিকে নিয়ে যাবেন, দলের উপরে যে নিপীড়ন-নির্যাতন হয়েছে, এটা থেকে বের হয়ে আসার উপায় একটাই রাজপথের আন্দোলন এবং সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।”

দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সালাম বলেন, “আমাদেরকে শপথ নিতে হবে, আমরা সবাই বিএনপি করি, আমরা সবাই তারেক রহমানের কর্মী, আমরা সবাই খালেদা জিয়ার কর্মী, আমরা সবাই শহীদ জিয়াউর রহমানের কর্মী। আমরা কোনো গ্রুপিং-এ বিশ্বাস করব না।”

ঢাকায় বিএনপিকে চাঙা করার উপর সারাদেশে বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে মন্তব্য করে তিনি বলেন, “চোখ বন্ধ করে আমাদেরকে সংগঠন গোছাতে হবে। আমি কখনও কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না। আমরা সদস্য সচিব রফিকুল আলম মজনু রাজপথে আন্দোলন করে এই পর্যায়ে এসেছে। আমরা একমত হয়ে কাজ করব।”

কোনো রকমের বিভেদ সৃষ্টি যদি কেউ করতে চায়, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেন সালাম।

তিনি জানান, আগামী ১৭ অগাস্ট মহানগরের নতুন কমিটি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।

নয়া পল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে নবগঠিত মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এই সভায় যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, আ ন ম সাইফুল ইসলাম, হারুন উর রশিদ হারুন, লিটন মাহমুদ, এস কে সেকেন্দার কাদির, মনির হোসেন চেয়ারম্যান, সদস্য ফরিদ উদ্দিন, গোলাম হোসেন, ফারুকুল ইসলাম, আরিফুর রহমান নাদিম, আনোয়ার হোসেন বাদল, কে এম জুবায়ের এজাজ, ফরহাদ হোসেন, লতিফুল্লাহ জাফরু, মকবুল হোসেন সরদার, মোহাম্মদ আলী চায়না, আবদুল আজিজ, জামিলুর রহমান নয়ন, হাজী শহিদুল ইসলাম বাবুল, আকবর হোসেন নান্টু, শামছুল হুদা কাজল, এস এম আব্বাস, লোকমান হোসেন ফকির, জুম্মন মিয়া চেয়ারম্যান, ফজলে রুবায়েত পাপ্পু, মহিউদ্দিন চৌধুরী, সাইদুর রহমান মিন্টু, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লাহ খালেদ রাজন, ওমর নবী বাবু,আবুল খায়ের লিটন, নাসরিন রশিদ পুতুল, নাদিয়া পাঠান পাপন, হাজী নাজিম, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ও জামশেদুল আলম শ্যামল উপস্থিত ছিলেন।

গত ২ আগস্ট হাবিব উন নবী খান সোহেল ও এম এ কাইয়ুমের নেতৃত্বাধীন মহানগর দক্ষিণ-উত্তরের কমিটি ভেঙে দিয়ে আমানউল্লাহ আমানের নেতৃত্বে উত্তরের এবং আবদুস সালামের নেতৃত্বে দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।