গতানুগতিক বাজেট: জাসদ
নতুন অর্থবছরের (২০২১-২২) প্রস্তাবিত বাজেটকে ছকে বাঁধা গতানুগতিক বলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের পর সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, “এই বাজেট প্রস্তাবনা দিয়ে করোনার অভিঘাতে জীবন ও জীবিকার সংকট মোকাবেলা করা এবং স্বাস্থ্যখাতের ভঙ্গুর দশা অতিক্রম করা কঠিন হবে।
“এই বাজেট দিয়ে নাক ভাসিয়ে বাঁচা যাবে হয়তো, কিন্তু মানুষের জন্য স্থায়ীভাবে সর্বজনীন জনস্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পথ তৈরি হবে না”।
তবে দেশীয় শিল্পের সুরক্ষা মেইড ইন বাংলাদেশ পণ্যকে ১০ বছর ট্যাক্স হলিডে দেওয়া, কৃষি যন্ত্র আমদানিতে ছাড়, শিল্পের কাঁচামাল আমদানিতে ছাড়, বিলাস দ্রব্য আমদানি নিরুৎসাহিত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাসদ।
“বাজেটে বরাদ্দ দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরাদ্দকৃত অর্থের ব্যয় ও ব্যবহারের গুণ-মান রক্ষা করে লক্ষ্য অর্জন করাই আসল কাজ।”
গত বাজেটে স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ থেকে আংশিক যা ব্যয় হয়েছে তাতে লুটপাট-দুর্নীতির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছে দলটি।
