বাজেট ৯৯% মানুষের স্বার্থবিরোধী: সিপিবি
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ৯৯ শতাংশ মানুষের স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সংসদে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনার পর দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমএবং সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম এক বিবৃতিতে উপস্থাপিত বাজেট প্রস্তাবকে গতানুগতিক, আমলাতান্ত্রিক বলেছেন।
বিবৃতি বলা হয়, “করোনা মহাবিপর্যয়কালে পীড়িত মানুষকে বাঁচানোর জন্য স্বাস্থ্য খাতের প্রাধান্য পাওয়া উচিত হলেও প্রকৃত অর্থে তা করা হয়নি। করোনা বিপর্যয় মোকাবেলার পাশাপাশি করোনার কারনে সৃষ্ট জনজীবনের সংকট কাটিয়ে ওঠার লক্ষ্য নির্ধারণে এই বাজেটে ব্যর্থ হয়েছে।
“এই বাজেটে ৯৯% সাধারণ মানুষের জীবন-জীবিকা-রুটি-রুজি-সহায়-সম্পদ লুটপাট করে মুষ্ঠিমেয় ১% লুটেরা ধনীদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়েছে।”
বাজেটকে ‘সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার গণবিরোধী দলিল’ আখ্যায়িত করে সিপিবির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৭.৫ শতাংশের সমান।
সিপিবি বিবৃতিতে বলা হয়, এবারের বাজেটে ঘাটতির পরিমাণ দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। আগে ঘাটতি জিডিপির ৫ শতাংশে মধ্যে ধরে রাখার চেষ্টা করা হলেও এবার সেটা ৬ শতাংশের বেশি হবে, যা উদ্বেগজনক।
“এই বিপুল পরিমাণ বাজেট ঘাটতি মেটানোর জন্য নতুন করে অভ্যন্তরীণ খাত ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করে ভবিষ্যত প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাজেটের পরিমাণকে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা করা হয়েছে। প্রতিবছর যেমন অতীতের চেয়ে বাজেট ব্যয় সর্বোচ্চ হয় তেমনি ঘাটতিও হয় সর্বোচ্চ। এবারো তাই হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, “করোনাকালে প্রণীত এ বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার কথা বলা হলেও বাস্তবে তার কোন লক্ষণ এ বাজেটে নেই। এ বাজেটে এবারো কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরো জোরদার করার ব্যবস্থা করা হয়েছে।”
বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫ শতাংশ কর যাতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা না হয় সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
