২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা-কর্মীদের ঐক্য চান মির্জা আব্বাস

সরকারপতনের আন্দোলন জোরদার করতে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2021, 02:34 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তার এ আহ্বান আসে।

মির্জা আব্বাস বলেন, “দেশে একটি ভয়ঙ্কর অপশক্তি জনগণের উপরে সিন্দবাদের ভুতের মত চেপে বসেছে। এ যেন আরব্য উপন্যাসের গল্পের মত…। ওই অপশক্তির অপকর্ম ঢাকার জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর আজ নিপীড়নের খড়্গ চালিয়ে যাচ্ছে।

“আমি বলতে চাই, আমাদের জনগণকে, আমাদের নেতা-কর্মীদের এই খড়্গ প্রতিরোধ করতে হবে, আমাদের কথা বলার অধিকার আদায় করতে হবে, আমাদের স্বাধীনতা আদায় করতে হবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এজন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া চাই।”

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তাদের ‘কিছু মানুষের’ উন্নয়ন হবে, তবে সাধারণ মানুষের ‘আয়-উন্নতি হবে না’।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এদিন মহানগর দক্ষিণ বিএনপি, দক্ষিণ যুব দল ও পূর্ব  ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী, কাপড়-বস্ত্র ও রান্না করা খাবার বিতরণের তিনটি কর্মসূচি হয়। মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচিতে অংশ নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তিনটি অনুষ্ঠানে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুব দল দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, পূর্বের সভাপতি খন্দকার এনামুল হকসহ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।