২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতা মজনু ৫ দিনের রিমান্ডে

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2021, 07:01 PM

Updated : 02 Aug 2022, 05:40 PM

রাজধানীতে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

দুই দিন আগে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তাকে আবার শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চান এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম হোসেন খান।

আসামির আইনজীবী মো.মহিউদ্দীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

বিচারক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

শুনানিতে যুবদল নেতার আইনজীবী বলেন, “এ মামলা মজনুকে কারাগারে আটকে রাখার জন্য । অন্য মামলায় জামিন নিয়ে গত পরশু বের হওয়ার সময় কারাফটক থেকে তাকে গত ফেব্রুয়ারি মাসের একটি ঘটনার মামলায় গ্রেফতার করা হয়। আগের মামলার এজাহারেও তার নাম ছিল না । এ মামলার এজাহারেও নাম নেই।“ 

এজাহারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশকে লক্ষ করে ছাত্রদলের নেতা-কর্মীসহ অন্যরা ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মী ও পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুর চালানোর অভিযোগে মামলা করা হয়।

পুরনো খবর:

যুবদল নেতা মজনুসহ ৮ জন রিমান্ডে