ধৈর্য ধারণকে দুর্বলতা ভাববেন না: কাদের
বিএনপিকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “দেশে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের একদিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অপরদিকে ষড়ন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে।
“শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে তারা দেশ-বিদেশে বসে কল্পিত কাহিনী প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা রাষ্ট্রের ইমেজ নষ্ট করছে। তারা এদেশের স্বাধীনতা এখনও মনেপ্রাণে মেনে নিতে পারেনি বলেই এ বিজয়ের মাসেও অপপ্রচার এবং ষড়যন্ত্রে মেতেছে। ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে।”
তিনি বলেন, “বিএনপি এসকল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির পৃষ্ঠপোষক। তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি আন্দোলন ও নির্বাচনে বার বার ব্যর্থ হয়েছে। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে এখন ক্ষমতায় যেতে অসাংবিধানিক পথ খুঁজছে। দেশে তারাই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্ট করছে। আবার আগুন সন্ত্রাসের পথে হাঁটতে শুরু করেছে।
“আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের নিরবতাকে, আমাদের ধৈর্য ধারণকে দুর্বলতা ভাববেন না। জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই।”
উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেওয়া বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সন্ত্রাস, ষড়যন্ত্রের পথে না হেঁটে জনমানুষের কাছে যান। সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশকে দুর্বল করবেন না। উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেওয়া বন্ধ করুন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই মুক্তিযুদ্ধের অঙ্গীকার। আর এ অঙ্গীকার বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।”
