জনগণ ‘জেগে ওঠায়’ আশাবাদী হচ্ছেন মান্না
সরকার পরিবর্তনে ‘জনগণ প্রতিবাদমুখর হচ্ছে’ মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, তাদেরকে নিয়ে ঘুরে দাঁড়ালেই জয় আসবে।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় মান্না বলেন, “মানুষ যে রকম করে জাগছে। আমি এটা আশা করি, এটা অলীক আশা করছি না। আপনারাও দেখছেন, মানুষ প্রতিবাদমুখর হচ্ছে, মানুষ এটা চায় না। মানুষ ঘুরে দাঁড়াতে চায়। আমাদেরকে তাদের নিয়েই ঘুরে দাঁড়াতে হবে। আমরা জিতে ফেলব।”
‘সুষ্ঠু’ নির্বাচনের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন লড়াইয়ের সৈনিক যেমন আমি, আপনারা যারা এই অনুষ্ঠানে বসে বসে শুনছেন তারাও। আমি যদি ১০ জন মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, আপনি দুইজন মানুষকে উদ্বুদ্ধ করেন এবং দুইজন মানুষ করতে করতে সবাই মিলে এক সাথে দাঁড়িয়ে সবাই বলি- ভোট দিতে হবে না হলে মানব না।
“এর (নির্বাচন) কোনো বিকল্প নাই।”
সরকার ‘জনগণকে বিভ্রান্ত করার জন্য’ উন্নয়নের কথা বলে অভিযোগ করে তিনি বলেন, “উন্নয়ন মানে কিন্তু কালভার্ট, ব্রিজ আর ফ্লাইওভার না। নিশ্চয় আপনার যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হবে। আমরা সেটাও করব। আমরা একইসঙ্গে সেটাও বলছি, জনগণের কল্যাণের চাইতে বড় কোনো উন্নয়ন হতে পারে না। আপনি জনগণের চিকিৎসার ব্যবস্থা করবেন, তার শিক্ষার ব্যবস্থা করবেন, সে যাতে নিঃশ্বাস নিতে পারে তার জন্য গাছের ব্যবস্থা করবেন, সে যেন পানি ঠিকমতো খেতে পারে তার ব্যবস্থা করবেন। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে।”
‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে, তা আর এখন থাকছে না বলে মনে করেন বিএনপির জোটসঙ্গী নাগরিক ঐক্যের নেতা মান্না।
“দেখছেন না সবগুলো ব্যাংক ফোকলা হয়ে গেছে, সাফ। হিসাব যদি চান? বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা চুরি যায়, ডলার চলে যায়- কিছু করতে পারে না। তারপরে আবার বলে, আমাদের উন্নতি দেখে সারা পৃথিবীর লোক অবাক তাকিয়ে আছে। আর মার্কিন সিনেটে প্রস্তাব দিচ্ছে যে, র্যাবে যারা চাকুরি করেছে তারা যেন আমাদের দেশে না আসে। তাদের ওপর নিষেধাজ্ঞা দাও, তারা যেন না আসতে পারে। সারা পৃথিবী জানে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, কিচ্ছু নাই।”
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা আজ বিপর্যয়ে নৈতিকতা অবক্ষয়ে মানবতা বিপন্ন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সংগঠনের চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামী ঐক্যেজোটের একাংশের ভাইস চেয়ারম্যান শওকত আমীনসহ এলডিপির নেতারা বক্তব্য রাখেন।
