২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উন্নয়নের সঙ্গে ঢাকার চেহারার মিল নেই: কাদের

দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের ‘চেহারার কোনো মিল নেই’ মন্তব্য করে দুই মেয়রকে পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 07:36 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

তিনি বলেছেন, "নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি, তাহলে ঢাকাকেও সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে কেন পারবো না। এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব।"

রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসি) বোর্ড সভায় যুক্ত হয়ে এ কথা বলেন কাদের।

তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই। … এখানে বাসগুলো চলে, চেহারার দিকে তাকানো যায় না। বাসগুলো এত নোংরা, ময়লা… আনফিট।

“আবার অনেকগুলো বাসের বাইরে রঙও করা হয় না। বারবার এটা নিয়ে কথা বলেছি। ঢাকার দুই মেয়র আধুনিক ঢাকা গড়তে পারেন। আপনাদের সেই সক্ষমতা আছে, মেধা, যোগ্যতা আছে।"

মন্ত্রী বলেন, "ঢাকার দুই মেয়রের প্রস্তাবের প্রেক্ষিতে দুটি টার্মিনালের স্থান নির্ধারণ, ইউ লুপের জন্য জায়গা দেওয়া, ট্যাক্স নির্ধারণসহ সামগ্রিক বিষয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন প্রত্যাশা করি। আমি দুই মেয়রের কথায় খুব আশ্বস্ত হয়েছি যে, তারা যেভাবে চিন্তা করছেন, তা করা গেলে ঢাকা শহরের চেহারা পাল্টে যাবে।"

মেয়রদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, "আপনার বসে একটা নীতিমালা স্থির করেন। এটা বাস্তবায়নে যা যা করা দরকার আমি করব। এখানে ঢাকা সিটিকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখতে চাই। এর জন্য যা যা করার, সবই করবে সরকার।"

নিউ মার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন মন্ত্রী। সেই সঙ্গে ফুটপাত উদ্ধার কার্যক্রম জোরদার করতে বলেন।

রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, "নির্মাণাধীন বিআরটিএ ভবনের কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।"

তেজগাঁও ট্রাক টার্মিনালের যানজট নিরসনে প্রয়াত মেয়র আনিসুল হকের উদোগ বাস্তাবায়নের জন্য নতুন করে উদ্যোগ নেওয়ার কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। 

সেজন্য ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, মোটর সাইকেলে হেলমেট যারা পড়বে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা এক্ষেত্রে আনা যাবে না।

“গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।"

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জের মেয় সেলিনা হায়াৎ আইভী ও গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।