দুই মাস পর পল্টনের কার্যালয়ে রিজভী
হৃদরোগের চিকিৎসা শেষে প্রায় দুই মাস পর নয়া পল্টনের কার্যালয়ে এলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। লাঠি হাতে ধীরগতিতে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে নিজের দপ্তরে বসেন রিজভী। কুশল বিনিময় করেন অফিস কর্মীদের সঙ্গে; খোঁজ-খবর নেন তাদের শারীরিক অবস্থার, পরিবারের।
রিজভীর হঠাৎ আগমনে বিএনপি কার্যালয়ের কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। কাছাকাছি থাকা কয়েকজন নেতাকর্মীরাও ছুটে আসেন তার সঙ্গে দেখা করতে।
রিজভীকেও সবার সঙ্গে অসুস্থতার দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে দেখা যায়।
অসুস্থ হওয়ার আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নয়া পল্টনে অফিস করেন গত ১২ অক্টোবর। পরদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে গাড়িতে উঠার পর রিজভী হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। ১৫ অক্টোবর এই হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। তাতে হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশন দিয়ে সেটির ৪০ শতাংশ অপসারণ করা হয়। ১৩ দিন ল্যাবএইড হাসপাতালে থাকার পর ২৮ অক্টোবর ছাড়পত্র পেয়ে বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
পরে ফলোআপ করাতে গত ১৭ নভেম্বর আবার ল্যাবএইডে ভর্তি হন রিজভী। সেখানে ২১ নভেম্বর তার হৃদযন্ত্রে রিং পরানো হয়। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরেন তিনি।
শারীরিক অবস্থা জানতে চাইলে রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন অনেকটাই সুস্থ বোধ করছি। রিং পরানোর পর আমাকে অনেক সর্তকতার সাথে চলতে হচ্ছে। যেটা আগে কখনই আমি করিনি। এই করোনাকালে কত জায়গায় আমি মানুষের কাছাকাছি গিয়েছি তার কোনো হিসাব নেই।”
এখন থেকে নিয়মিত কার্যালয়ে আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আসার চেষ্টা করব, যদি শরীর এরকম ভালো থাকে।”
তার সুস্থতার জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী।
গত ৩ ডিসেম্বর রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম ও শ্যালিকা তাহমিনা বেগমের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। এরপর থেকৈ রিজভী অন্য একটি বাসায় আছেন।
রিজভী জানান, তার স্ত্রী ও শ্যালিকা সুস্থ আছেন, তেমন কোনো উপগর্গ নেই। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তারা।
রিজভীর অনুপস্থিতিতে দপ্তরের দায়িত্ব থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাড়ে ১১টায় নয়া পল্টনের কার্যালয়ে আসেন। রিজভীর সঙ্গে দলীয় বিভিন্ন বিষয়ে একান্তে কথা বলেন তিনি।
পরে প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিজভী ভাই অফিসে এসেছেন। তার অনুপস্থিতি আমার ওপর দায়িত্ব ছিল দপ্তর দেখভালের। পেইন্ডিং বিভিন্ন বিষয় সম্পর্কে আমি উনাকে আজকে অবহিত করেছি। আশা করছি শনিবার থেকে রিজভী ভাই নিয়মিত অফিসে আসবেন।”
বেলা সাড়ে ১২টায় রিজভী নয়া পল্টনের অফিস ছেড়ে যান।
