ইসি তাকিয়ে থাকে সরকারের দিকে: বিএনপির নজরুল
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্রের সাংবিধানিক এই সংস্থা এখন সব সিদ্ধান্তের জন্য ‘সরকারের দিকে’ তাকিয়ে থাকে।
শুক্রবার সকালে এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের এমন মন্তব্য আসে।
তিনি বলেন, “সমাজের প্রত্যেকটা স্তর নষ্ট হয়ে যাচ্ছে। কোনোটার দলীয়করণ করে, কোনোটায় আত্মীয়করণ করে নস্যাৎ করে ফেলা হচ্ছে সব। রাষ্ট্রীয় যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলা হয়েছে, অকেজো করে ফেলা হয়েছে।”
নজরুল বলেন, “নির্বাচন কমিশন নামক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নতজানু হয়ে পড়ে আছে। সরকার কী বলে- সেদিকে তাকিয়ে থাকে।”
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে চিঠি চালাচালির সাম্প্রতিক একটি ঘটনা বলেন বিএনপির এই নেতা।
“তারা স্থানীয় সরকারের নির্বাচনী আইন পরিবর্তনের জন্য একটা প্রস্তাব তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছিল মতামত দেওয়ার জন্য। বলেছিল ১ নভেম্বরের মধ্যে মতামত দিতে হবে। আমরা ১ নভেম্বর তারিখের মধ্যে মতামত দিলাম।
“৪ নভেম্বর তারা আরেকটা চিঠি ইস্যু করেছে যে এটার সময় আগামী ১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল। আচ্ছা বলেন, বৃদ্ধি যদি করবেন, তাহলে ওই সময়ের মধ্যে করবেন। ৪ তারিখে আপনি বলছেন, ১৫ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। এটা তো নিয়মের মধ্যে হল না।
“নিশ্চয় সরকারি দল চিঠি দিতে দেরি হয়েছে এবং নির্দেশ করেছেন তাদেরকে (নির্বাচন কমিশন) যে ‘১৫ তারিখ পর্যন্ত বাড়িয়ে দাও’। ওদের মাথায় ঢোকে নাই যে ১ তারিখ তো পার হয়ে গেছে, এভাবে বৃদ্ধি করতে পারে না।”
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সমালোচনা করে নজরুল বলেন, “একটা বিরোধী দল বানিয়েছে সংসদে। তারা যে কোনো কথা বলার আগেই প্রথমে বলে নেয়, মহামান্য সরকার যদি কিছু মনে না করেন, তাহলে আমরা এই কথা বলতে চাই।
“অর্থাৎ প্র্যাকটিক্যালি একদলীয় একটা সরকার বা শাসন ব্যবস্থা আমাদের এখানে কার্যকর করা হয়ে গেছে। এখানে প্র্যাকটিক্যালি কোনো বিরোধী দলকে থাকতে দেওয়া হচ্ছে না।”
দেশের গণতন্ত্রের ‘এই অবস্থা করোনার মতোই ক্ষতিকর’ মন্তব্য করে নজরুল বলেন, “আল্লাহ আমাদের দুই করোনা থেকে মুক্তি দিন- এই দোয়া আমরা করব।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, দক্ষিণের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদার ও উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের রোগমুক্তি কামনায় সংগঠনের ঢাকা দক্ষিণ শাখার উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই দোয়া মাহফিল হয়।
নজরুল ইসলাম খান বলেন, “খালেদা জিয়া হলেন সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যারা লড়াই করতে সাহস পায় না, তাকে বন্দি করে রেখে খালি মাঠে গোল দিতে চায়, তাদেরকে শক্তিশালী বলা যায় না। আমরা বেগম খালেদা জিয়ারও সুস্থতা কামনা করব এবং অন্যায়ভাবে তিনি যে আবদ্ধ হয়ে আছেন, সেখান থেকে আল্লাহ যেন মুক্ত করেন, তার জন্য দোয়া করব।”
স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
