প্রথম মৃত্যুবার্ষিকীতে খোকাকে স্মরণ
কবরে ফুল দেওয়ার মধ্য দিয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে স্মরণ করেছে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা।
বুধবার সকাল ১১টায় ঢাকার জুরাইন কবরাস্থানে খোকার কবরে ফুল দেন বিএনপি নেতারা।
খোকার বড় ছেলে ইশরাক হোসেন, ছোট ছেলে ইশফাক হোসেনসহ পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর নেতা নবী উল্লাহ নবীসহ কয়েকশ নেতা-কর্মী-সমর্থক এসময় উপস্থিত ছিলেন।
কবরস্থান প্রাঙ্গণে দোয়া মাহফিলেও তারা অংশ নেন। সকাল থেকে সেখানে কোরআন খানি অনুষ্ঠিত হয়।
বিকালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে খোকার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ পুরনো ঢাকার মানুষরা অংশ নেন।
গত বছরের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
