২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি দিলেন সেলিমা রহমান

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে নববধূকে ধর্ষণসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নারী ও শিশু অধিকার ফোরাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 06:02 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

কর্মসূচিগুলো হল- ৮ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি, ১০ অক্টোবর সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন এবং ১১ অক্টোবর ঢাকাসহ সারা দেশে জেলা আদালত প্রাঙ্গণে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এসব কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “সারা দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতন ও সহিংসতা বেড়েছে তা নজিরবিহীন। আজ দেশের মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না।

“সকলকে এক হয়ে নিপীড়ক-দুস্কৃতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আজকে ওই বীভৎসতার বিরুদ্ধে তিন দিনের কর্মসূচি ঘোষণা করছি।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দলমত নির্বিশেষে, জাতিধর্ম নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে এর পরিত্রাণ করতে হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর হিসাব নিতে হবে।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, দীপেন দেওয়ান, মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিকুল ইসলাম, বিলকিস ইসলাম, সিমকি ইমাম, মশিউর রহমান বিপ্লব, আরিফা সুলতানা রুমা, আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।